দেশি-বিদেশি যৌথ বিনিয়োগের প্রথম কনটেইনার ডিপো চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দেশি-বিদেশি যৌথ বিনিয়োগে নির্মিত একটি বেসরকারি কনটেইনার ডিপো চালু হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘বিএম কনটেইনার ডিপো লিমিটেড’ নামের এ বেসরকারি ডিপোটি উদ্বোধন করা হয়।বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী এ কনটেইনার ডিপোর উদ্বোধন করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কাশেম, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আলফনস হ্যানিকেন্স প্রমুখ উপস্থিত ছিলেন।উদ্যোক্তারা জানান, নেদারল্যান্ডের ‘প্রঙ্ক পার্টিসিপেট বিভি’ ও বাংলাদেশি ‘স্মার্ট জিনস’ কোম্পানির যৌথ বিনিয়োগে এই কনটেইনার ডিপো নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। এই কনটেইনার ডিপোর ধারণক্ষমতা ১০ হাজার একক কনটেইনার। প্রায় ৫০ একর জমির ওপর স্থাপিত এই কনটেইনার ডিপোর ইয়ার্ডের পরিমাণ দুই লাখ ৮০ হাজার মিটার।অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিবছর আমদানি-রপ্তানি বাড়ছে। এই বাড়তি চাপ সামলানোর জন্য বেসরকারি কনটেইনার ডিপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে বন্দরের গতিশীলতা বৃদ্ধি পাবে বলে বক্তারা আশা করেন।বিএম কনটেইনার ডিপোর চেয়ারম্যান বার্ট প্রঙ্কর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজিএমইর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ক্লাবের প্রেসিডেন্ট আবু তৈয়ব, বিজিএমইএর সাবেক প্রথম সভাপতি এরশাদ উল্লাহ এবং এশিয়া গ্রুপের চেয়ারম্যান এম এ সালাম। স্বাগত বক্তব্য দেন বিএম আইসিডির নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিয়াউল হায়দার।প্রসঙ্গত, বেসরকারি কনটেইনার ডিপোতে রপ্তানিপণ্য কনটেইনারে বোঝাই করা হয়। এ ছাড়া খালি কনটেইনার সংরক্ষণ ও কনটেইনারভর্তি ১৭ ধরনের আমদানিপণ্য খালাস করা হয়।