
এটিএম কার্ড জালিয়াতি করে টাকা তুলে নেওয়ার ঘটনায় করা চার মামলায় দেশি-বিদেশি ১২ জনের জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়েছে পুলিশ। তাঁদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশ অন্য পাঁচজনকে আইনের আওতায় আনতে পারেনি এখনো।
গত বছর ফেব্রুয়ারিতে এসব জালিয়াতি হয়। আদালত ও পুলিশ সূত্র বলেছে, ওই ঘটনায় গ্রেপ্তার জার্মান নাগরিক পিওতর সিজোফেন মুজারেকের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রাজধানীর গুলশান থানার তৎকালীন পরিদর্শক ফিরোজ কবির এবং খান এয়ার ট্রাভেলসের পরিচালক তৌহিদ খানের নাম আসে। তবে পুলিশ এখনো তাঁদের জিজ্ঞাসাবাদই করেনি। ফিরোজ কবির সাময়িক বরখাস্ত আছেন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের সাইবার অপরাধ বিভাগের উপকমিশনার মো. আলীমুজ্জামান বলেন, ফিরোজ কবির ও তৌহিদ খানের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই এখনো শেষ হয়নি। প্রয়োজন হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। কার্ড জালিয়াতিতে তদন্তে এখন পর্যন্ত দেশি-বিদেশিসহ ১২ জনের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
গত বছরের ৬ থেকে ১২ ফেব্রুয়ারি রাজধানীতে বেসরকারি ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ইউসিবিএলের গুলশান, বনানী ও মিরপুরের কালশীর চারটি এটিএম বুথ থেকে জালিয়াতি করে বিভিন্ন গ্রাহকের বিভিন্ন অঙ্কের টাকা তুলে নেওয়া হয়। পরে তদন্তে জানা যায়, ওই সব বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকদের এটিএম কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি করে নকল কার্ড বানিয়ে টাকা তোলা হয়েছে। এ ঘটনায় বনানী ও পল্লবী থানায় করা পৃথক চারটি মামলার তদন্তভার সংশ্লিষ্ট থানা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি), এরপর ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার অপরাধ বিভাগে স্থানান্তর করা হয়।
গত বছরের ২২ ফেব্রুয়ারি জার্মানির নাগরিক পিওতর এবং সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তা মকসেদ আলম (মাকসুদ), রেজাউল করিম ও রেফাজ আহমেদকে গ্রেপ্তার করে ডিবি। পরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হুমায়ুন কবির ও আরেকটি ব্যাংকের কার্ড বিভাগের সাবেক কর্মকর্তা সাইফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। ওই কার্ড জালিয়াতির কয়েক দিন পর উত্তরার হোটেল কমফোর্ট ইনের মালিক আবদুল হাসনাতের বিরুদ্ধে গত বছরের ১ মার্চ এবং গুলশানের হোটেল সিলভার উইন্ডোর মালিক বিশ্বাস এ মালেক ও ব্যবস্থাপক শামীম হাসানের বিরুদ্ধে ২ মার্চ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। আবদুল হাসনাতকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযোগ করা হয়, পিওতর ও গুলশানের খান এয়ার ট্রাভেলসের কর্মচারী আবু জাফরের যোগসাজশে আবদুল হাসনাত ও বিশ্বাস এ মালেক তাঁদের হোটেলে স্থাপিত সিটি ব্যাংকের পিওএস যন্ত্র জালিয়াতি করে ৪ কোটির বেশি টাকা তুলে নেন।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, কার্ড জালিয়াতির চার মামলায় পিওতর, তাঁর দুই সহযোগী ইউক্রেনের নাগরিক অ্যান্ড্রি ও রোমানিয়ার নাগরিক রোমিও, চক্রের সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডনপ্রবাসী ফরিদ নাবীর, আবদুল হাসনাত, বিশ্বাস এ মালেক ও শামীম হোসেন, হুমায়ুন কবির, আবু জাফর, মকসেদ আলম, রেজাউল করিম ও রেফাজ আহমেদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তাঁদের মধ্যে পিওতর, আবদুল হাসনাত, হুমায়ুন কবির, জাফর, মকসেদ, রেজাউল ও রেফাজকে গ্রেপ্তার করা হয়েছে।
অ্যান্ড্রি, রোমিও, ফরিদ নাবীর, বিশ্বাস এ মালেক ও শামীম হোসেন এক বছরেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আর গ্রেপ্তার করা সাইফুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাঁকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গত বছরের ১৩ ফেব্রুয়ারি রোমিও এবং পরদিন অ্যান্ড্রি বাংলাদেশ ছাড়েন। এর আগে ঢাকা ছাড়েন ফরিদ নাবীর। খান এয়ার ট্রাভেলসে স্থাপিত পিওএস যন্ত্রে কার্ড জালিয়াতি করে তাঁরা ২০ থেকে ৩০ লাখ টাকা তোলেন।
উপকমিশনার মো. আলীমুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ডিভাইসগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়া গেলে ফিরোজ কবির ও তৌহিদ খানের সম্পৃক্ততা প্রশ্নে নিশ্চিত হওয়া যাবে।