দেশি মাছের আকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের নদনদী, খাল ও নিচু জলাভূমিতে এখন আগের মতো দেশি মাছ পাওয়া যাচ্ছে না। জলবায়ু পরিবর্তন, নদনদীর মুখে বাঁধ নির্মাণসহ বিভিন্ন কারণে মৎস্য ভান্ডার এখন হুমকির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষাকালে ভরা মৌসুমেও পঞ্চগড়ের বিভিন্ন উপজেলার হাট-বাজারগুলোতে দেশি মাছ পাওয়া যাচ্ছে না। খাল-বিল, পুকুর ও জলাশয়গুলোতে পানি বেশি না থাকায় দেশি টেংরা, পুঁটি, পাবদা, শিং, মাগুর, কই, টাকি, শোল, বোয়াল, রুই, কাতলা, মৃগেল, কালবাউশ মাছ প্রায় বিলুপ্তির পথে।অন্যদিকে দেশীয় প্রজাতির মাছের সংকট থাকলেও হাট-বাজারগুলোতে চাষের মাছ পাওয়া যাচ্ছে। ক্রেতাদের স্থানীয়ভাবে মাছের খামারে উৎপাদিত পাঙাশ এবং ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা বিভিন্ন মাছের ওপর নির্ভর করতে হচ্ছে।গতকাল শুক্রবার পঞ্চগড়ের রাজনগর মাছের বাজারে গিয়ে দেখা যায়, দেশি মাছের আমদানি একেবারেই নেই। খামার আর বিদেশি মাছে বাজার ছেয়ে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা মির্জা আবদুল লতিফ জানান, ভারতীয় কর্তৃপক্ষ উৎসমুখে বাঁধ নির্মাণ করায় পঞ্চগড়ের নদনদীগুলো শুকিয়ে গেছে। এতে মাছের বিচরণক্ষেত্র কমে যাচ্ছে। নদীর বুকে বোরো ধান উৎপাদনের জন্য কীটনাশক ব্যবহার করা হচ্ছে। কীটনাশকের প্রভাবে মাছের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। এতে দেশি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেশি মাছ রক্ষার লক্ষ্যে মৎস্য বিভাগ করতোয়া নদীতে দুটি মৎস্য অভয়াশ্রম গড়ে তোলাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ও বন্য প্রাণী বিশেষজ্ঞ আহমেদ জিয়াউর রহমান বলেন, নদী মরে যাওয়ায় এবং নদীতে ধান চাষ করে কীটনাশক ব্যবহার করায় দেশি মাছ প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলছে। এতে দেশি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পঞ্চগড় কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার করতোয়া, বুড়িতিস্তা, মহানন্দা, রণচণ্ডী, ভেরসা, আত্রাই, চাওয়াই, তালমা, কুরুম, পাংগা, পাথরাজ, টাংগন, নাগর, ডাহুক, বেরং, জোড়াপানি, শাও, ঘোড়ামারাসহ ১৮টি নদীতে বর্ষা মৌসুমেও দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ছে না। উৎসমুখে বাঁধ নির্মাণ করায় এসব নদনদী সারা বছর শুকনো থাকে। এ ছাড়া মানুষ যেখানে-সেখানে পানি আটকিয়ে ধান চাষ করায় নদীগুলোতে পানি প্রবাহ কমে গেছে। দেবীগঞ্জের করোতোয়াপাড়ের উত্তরপাড়া গ্রামের জেলে বিপেন চন্দ্র রায় (৭৫) জানান, ৩০-৪০ বছর আগে করেতোয়া নদীতে পানি ছিল। জেলেরা জাল ও বড়শি দিয়ে পুঁটি, টেংরা, পাবদা, ভোদল, শোল, বোয়াল, আইড় মাছ ধরতেন। প্রতিজন জেলে গড়ে ১০ কেজি থেকে এক মণ বা তারও বেশি পরিমাণ মাছ ধরতেন। এখন নদীতে তেমন পানি নেই। তাই কোনো মাছও পাওয়া যাচ্ছে না। দেবীগঞ্জের করোতোয়া নদীতে মাছ শিকার করেন শিবেন চন্দ্র। তিনি জানান, সারা দিন বসে বসে মাছ ধরি। কিন্তু কোনো দিন মাছ বিক্রি করে ৫০ টাকাও আয় করতে পারি না। হারিয়ে গেছে সব মাছ। পুঁটি, এমনকি চিংড়ি মাছও পাওয়া যায় না। পাউবোর পঞ্চগড় কার্যালয়ে কর্মরত উপবিভাগীয় প্রকৌশলী রবীন্দ্র চন্দ্র সোম বলেন, ভারতীয় কর্তৃপক্ষ এ অঞ্চলের প্রায় সব নদীর উজানে বাঁধ নির্মাণ করে পানি নিয়ন্ত্রণ করছে। এ কারণে জেলার প্রায় সব কটি নদীই পানিশূন্য হয়ে পড়েছে। দেশি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। পঞ্চগড় বাজারের মাছের আড়তদার আবদুস সাত্তার জানান, আগের মতো আর দেশি মাছ বাজারে আসে না। তাই চাষ করা এবং বিদেশি মাছের ওপর নির্ভর করতে হচ্ছে।