চট্টগ্রামের নিউমার্কেটে গত মঙ্গলবার শাড়ি কিনতে আসেন তাহসিনা আক্তার। নিজের পাশাপাশি মা ও শাশুড়ির জন্যও শাড়ি খুঁজছিলেন তিনি। গত বছর নিজের জন্য একটু ভারী কাজ করা শাড়ি কিনলেও এই ঈদে তাহসিনার পছন্দ জামদানি। মা-শাশুড়ির জন্যও তিনি এবার টাঙ্গাইলের তাঁতের শাড়ি কিনবেন। তাহসিনা বললেন, ‘একটা সময়ে ভারতীয় শাড়ির প্রতি ঝোঁকটা বেশি ছিল। কিন্তু এখন আমাদের দেশি শাড়িই বেশি ভালো লাগে।’
নগরের কয়েকটি বিপণিকেন্দ্র ঘুরে তাহসিনার মতো দেশি শাড়ির প্রতি আগ্রহী ক্রেতার সংখ্যাই বেশি পাওয়া গেল। বিক্রেতারাও জানালেন, দেশি শাড়ির প্রতি ক্রেতার আগ্রহ দিন দিন বাড়ছে। তবে ভারতীয় বা বিদেশি শাড়িরও ক্রেতা আছেন।
বিক্রেতারা জানান, এবারের ঈদে তাঁতের সুতি শাড়ি, জামদানি, মিরপুরের কাতান, চোষা কাতান, সম্বলপুরী, নকশা করা সুতি, মসলিন, অ্যান্ডি শাড়ি, হাফ সিল্ক, তসর, বালুচরি শাড়ি বেশি পছন্দ করছেন ক্রেতারা। টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জের পাশাপাশি যশোরে কাজ করা শাড়িও এসেছে বাজারে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ডেমরা থেকে এসেছে জামদানি শাড়ি। নকশা করা শাড়ির মধ্যে স্ক্রিন প্রিন্ট, পাড় ও আঁচলে মেশিন এমব্রয়ডারি, চুমকি ছাড়া সুতা ও পুঁতির কারচুপির কাজ বেশি চলছে।
নিউমার্কেটের চারুলতা জামদানি হাউসের মালিক মোফাজ্জল হোসেন বলেন, ‘দেশি শাড়ি ছাড়াও কিছু ভারতীয় শাড়িও আমাদের সংগ্রহে আছে। তবে এবার ক্রেতারা দেশি শাড়িই বেশি খুঁজছেন। বিশেষ করে জামদানি শাড়ির বিক্রি বেশ ভালো। ছয় থেকে আট হাজার টাকা দামের জামদানি শাড়ির কাটতি বেশি।’
চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনার ও ডলস হাউস বুটিকের স্বত্বাধিকারী আইভি হাসান বলেন, ‘অনেক দিন ধরেই আমরা দেশের ফ্যাশন ডিজাইনাররা বিদেশি কাপড়ের বিরুদ্ধে যুদ্ধ করে আসছি। ধীরে হলেও ক্রেতাদের পছন্দ বদলাচ্ছে। দেশি পোশাক ও দেশি শাড়ির প্রতি এখন অনেকেই আগ্রহী। এবার হালকা জমিন, পাড় ও আঁচলে ভরাট কাজ জনপ্রিয়।’
মঙ্গলবার নগরের আফমি প্লাজার ‘দেশী দশে’ গিয়ে ক্রেতাদের বেশ ভিড় দেখা গেল। দেশী দশে শাড়ি কিনতে আসা রুবি রহমান নামের এক ক্রেতা বললেন, ‘যে যা-ই বলুক, দেশী ফ্যাশন হাউসগুলোর নকশা করা শাড়িগুলোই সেরা। একটু ভিন্ন নকশার পোশাক পেতে প্রতি ঈদেই ফ্যাশন হাউসগুলোতে ঢুঁ মারি।’
নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত ক্রেতাদের শাড়ি কেনার অন্যতম পছন্দের জায়গা নগরের রেয়াজউদ্দিন বাজার। এই বাজারের আনকা শাড়ি গার্ডেনের স্বত্বাধিকারী মো. মহসিন চৌধুরী বলেন, বছর দু-এক আগেও জর্জেট, ক্র্যাপ সিল্কের ওপর চুমকি-পাথর বসানো শাড়ি বেশি বিক্রি হতো। কিন্তু কাপড়ের মান ও নকশা ভালো হওয়ায় এবার তুলনামূলকভাবে দেশি কাপড় বেশি বিক্রি হচ্ছে। দেড় হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে বেশি শাড়ি কিনছেন ক্রেতারা। অবশ্য কেউ কেউ জর্জেট শাড়িও কিনছেন।
দেশি শাড়ির পাশাপাশি ভারতীয় শাড়ির অনেক ক্রেতা পাওয়া গেল বাজারে। আমদানি করা শাড়ির জন্য বিখ্যাত বিপণিকেন্দ্রগুলোর অন্যতম নগরের মিমি সুপার মার্কেট। এই মার্কেটের ‘আঁচল’ নামের শাড়ি দোকানের কর্ণধার জয়নাল আবেদিন জানালেন, ক্রেতাদের পছন্দ যাচাই করে তুলনামূলক হালকা কাজের শাড়ি বাজারে আনা হয়েছে। ভারতীয় শাড়ির মধ্যে সুতি কোটা, কাঞ্জিভরম কাতান ও বেনারসি ভালো চলছে। এবার সিল্ক শাড়ির চাহিদা কম।