দেশি হাইব্রিড ধানের বীজের প্যারেন্টাল লাইন ব্যবহারের আহ্বান
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) তাদের উদ্ভাবিত চারটি হাইব্রিড জাতের ধানের বীজের প্যারেন্টাল লাইন ব্যবহার করতে বীজ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার ব্রি আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্রির ছয় বছর মেয়াদি হাইব্রিড রাইস প্রকল্পের পরিচালক এ এস এম মাসুদুজ্জামান। তিনি বলেন, হাইব্রিড রাইস প্রকল্পের আওতায় এ পর্যন্ত ব্রি হাইব্রিড ধান-১, ২, ৩ ও ৪—এ চারটি জাত উদ্ভাবন করা হয়েছে। এগুলোর মধ্যে ব্রি হাইব্রিড ধান-১, ২, ৩ বোরো মৌসুমে এবং ব্রি হাইব্রিড-৪ আমন মৌসুমে চাষের উপযোগী। যথাযথ পরিচর্যাহলে ব্রি হাইব্রিড ধান-২ থেকে প্রতি হেক্টর জমিতে ১০ টন এবং ব্রি হাইব্রিড-৪ থেকে সাড়ে ছয় টন ধান পাওয়া সম্ভব।মাসুদুজ্জামান জানান, হাইব্রিড ধান থেকে বীজ রাখা যায় না। প্রতিবছর বীজ উৎপাদন করতে হয়। ব্রি হাইব্রিড ধানের বীজ উৎপাদনের কৌশল উদ্ভাবন করেছে। এর ফলে ব্রি হাইব্রিড ধানের প্যারেন্টাল লাইনগুলো ব্যবহার করে বীজ কোম্পানিগুলো কম খরচে এসব জাতের বীজ উৎপাদন ও বাজারজাত করতে পারবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন কৃষি গবেষণা পরিষদের চেয়ারম্যান ওয়ায়েছ কবির।