দেশিস্বাদে...

রাস্তার যত কোলাহল, যানজট মুহূর্তেই উধাও। দরজা ঠেলে ভেতরে ঢুকেই মনে হবে, আহ্, শান্তি! তারপর বসে পড়ুন বাঁশ বা বেতের চেয়ারে। প্রাকৃতিক রঙে নকশা করা মেনু উল্টিয়ে ফরমাশ দিয়ে দিন, কী খেতে চান। পেটপূজা আর আড্ডাবাজি—দুটোই জমে যাবে। ঢাকার গুলশান ২ নম্বর থেকে কাকলী যাওয়ার পথে হাতের বাঁ পাশেই পড়বে হরীতকী লাউঞ্জ। শিল্পী লুভা নাহিদ চৌধুরীর অন্দরসাজে রেস্তোরাঁটি চালু হয় বছর দুয়েক আগে। তখন অবশ্য এর নাম ছিল অরণ্য। ছয় মাস চলার পর কর্তৃপক্ষ নাম বদলে দেয় হরীতকী লাউঞ্জ। এখানে আপনি বলার পর রান্না শুরু করা হবে। সে কারণে খাবার পরিবেশন করতে একটু দেরি হবে। তবে এই ফাঁকে বন্ধুর সঙ্গে আড্ডার পাশাপাশি জানালার গ্লাস পেইন্ট, দেয়ালের ছবি দেখে সময় পার করতে পারেন অনায়াসে। এ ছাড়া প্রতিটি টেবিলে রাখা থাকে চলতি মাসের একগাদা ম্যাগাজিন।
সাধারণত বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে এটি। তবে শুক্র ও শনিবার রেস্টুরেন্ট খুলে যায় সকাল নয়টায়। বিশেষ নাশতার আয়োজন থাকে ওই সময়টায়। একবারে ৩০ জন বসে খেতে পারে এখানটায়। চাইলে পার্টির আয়োজন করতে পারেন এখানে। সে ক্ষেত্রে খাবারের বিল দিলেই চলবে। জায়গার জন্য আলাদা ভাড়া নেই। খাবারে আছে দেশীয় স্বাদের সমাহার। লুচি, লাবড়া, ঝালফ্রাইসহ হরেক পদের খাবার পাবেন। দাম নাগালের ভেতরেই। শুধু ডিমেরই রয়েছে বেশ কয়েক পদ। যাঁরা পরিমিত মসলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন, তাঁদের ভালো লাগবে।