দেশি-বিদেশি কবিদের নিয়ে ঢাকায় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ জার্মান ভাষায় কবিতা আবৃত্তি করছেন। কেউ বাংলায়। আছেন অস্ট্রিয়ান, রাশান, পুয়ের্তোরিকো কিংবা আর্জেন্টিনার কবিও। প্রত্যেকেই আবৃত্তি করছেন। দর্শকেরা শুনছেন মুগ্ধ হয়ে। চলছে আলোচনা। আড্ডা।
এই আড্ডা জমে উঠেছিল গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। ৩১ জানুয়ারি থেকে এখানে শুরু হয়েছে আন্তর্জাতিক কবি সম্মেলন ২০১৭। শেষ হবে আজ শনিবার। আয়োজক কবিতাবিষয়ক সংগঠন কথক।
গতকালের অনুষ্ঠানে ছয়জন বিদেশি কবিকে পুরস্কৃত করা হয়। তাঁদের রচিত ছয়টি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেন বেসমারিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এগুলো প্রকাশ করেছে অ্যাডর্ন পাবলিকেশনস। ছয় কবি হলেন অস্ট্রিয়ায় মেনফ্রেড কোবো, আর্জেন্টিনার ইওনা বুরঘার্ট, জার্মানির টোবিয়াস বুরঘার্ট, পুয়ের্তোরিকোর মারিয়া দে লো আনহেলেস কামাকো রিভাস ও লুস মারিয়া লোপেস। দেশের কবিতার মধ্যে ছিলেন আসাদ চৌধুরী, মুহম্মদ নূরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, হায়াৎ সাইফ, জাহিদুল হক ও আমিনুর রহমান।
প্রধান অতিথি রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের সাহিত্য ও কবিতার ইতিহাস হাজার বছরের। কবিতার কোনো সীমানা নেই। বাংলাদেশে আসা কবিদের তিনি বলেন, ‘এই ফেব্রুয়ারিতেই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে এ দেশের মানুষ। এ কারণেই আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনারা এই মাসে শহীদ মিনার ঘুরে দেখতে পারেন।’
এই সম্মেলনের আহ্বায়ক কথকের সভাপতি কবি আমিনুর রহমান।