দেশি-বিদেশি কৃষক নারীরা শোনালেন সংগ্রামের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাধা, কুসংস্কার উপেক্ষা করে মাঠে কাজ না করলে আজ প্লেনে চড়ে ঢাকায় আসতে পারতাম না। ছেলে-মেয়েদের পড়াশোনা করাতে পারতাম না।’
কথাগুলো বলছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নারী কৃষক জ্যোৎস্না বেগম। সমাজের নানা বাধা-বিপত্তি পেরিয়ে জ্যোৎস্না এখন স্বাবলম্বী একজন নারী।
বেসরকারি সংস্থা অক্সফাম আয়োজিত ‘দক্ষিণ এশিয়া নারী কৃষক ফোরাম’ শীর্ষক অনুষ্ঠানে জ্যোৎস্না বেগমের মতো আরও ৩০ জন নারী বলেছেন তাঁদের সংগ্রামী জীবনের কথা। বলেছেন, লড়াইয়ে তাঁরা জয়ী হয়েছেন, তবে নারীদের আরও বহুদূর যেতে হবে।
জ্যোস্নার মতে পুরুষদের মানসিকতার পরিবর্তন হতে হবে। তাহলে অনেক সমস্যাই কেটে যাবে। তিনি বলেন, তাঁর স্বামী সমাজের কথায় অনেক সময় তাঁকে বাধা দিয়েছেন। কিন্তু একটা সময়ে স্বামী বুঝতে পেরেছেন, মাঠে কাজ করা খারাপ নয়।
শেরপুরের মায়াবতী কোচ বললেন, ‘বাধা তো কম আসেনি। সমাজ সবচেয়ে বড় বাধা। তবে সমাজের এই বাধা আর ভালো লাগে না। যদি নিজেকে গুটিয়ে রাখতাম, তাহলে হয়তো জীবনে কোনো দিন ঢাকা শহর দেখা হতো না। কাজ করে সফলতা পেয়েছি। তাই এবারই প্রথম ঢাকায় আসা হলো।’
বাংলাদেশি নারীদের মতো পাকিস্তান, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের নারী কৃষকদের সংগ্রামও প্রায় একই রকম।
পাকিস্তানের কিষানি হাকি বিবি ও আয়শা বিবিও শোনালেন তাঁদের কথা। বললেন, পর্দা প্রথার কথা বলে তাঁদের ঘরে বন্দী করে রাখা হতো। স্বামীর পক্ষে একটি সংসার টানা কঠিন ছিল। তাই দিন চলত অভাব-অনটনে। একপর্যায়ে সব বাধা ভেঙে কাজের জন্য মাঠে নেমেছেন তাঁরা। নদীতে মাছও ধরেছেন।
নেপালের বিজু বললেন, তাঁর জমি ছিল না। আন্দোলন করে সরকারের কাছ থেকে জমি নিয়েছেন। এখন নেপালের ভূমিহীন নারীরা জমি পাচ্ছেন। তিনি বলেন, ২০ বছর এ জন্য তাঁকে সংগ্রাম করতে হয়েছে।
তিন দিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অক্সফামের গ্রো-প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী আনা রোশনা। এ ছাড়া গতকাল বিভিন্ন দেশের নারীদের জমির ওপর অধিকার বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি।