দেশি-বিদেশির মুখোশ উন্মোচনে কমিশনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যায় জড়িত দেশি-বিদেশি শক্তির মুখোশ উন্মোচন করতে কমিশন গঠনের দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর মুক্তি ভবনে আয়োজিত আলোচনা সভায় সিপিবির নেতারা এ দাবি করেন।
সভায় সিপিবির নেতারা বলেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে তাঁর নিজ দলসহ বিভিন্ন দল ও দেশি-বিদেশি শক্তি জড়িত ছিল। ভবিষ্যতে আরেকটি ভয়াবহ ট্র্যাজেডি এড়াতে এসব শক্তির মুখোশ উন্মোচিত হওয়া দরকার।
সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, ‘আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু দেশের অবিসংবাদী নেতা হিসেবে গড়ে উঠেছিলেন। আমাদের দেশের কমিউনিস্ট, প্রগতিশীল ও গণ-আন্দোলন-সংগ্রামগুলো শেখ মুজিবকে বঙ্গবন্ধু করেছে।’
সভায় আলোচকেরা বলেন, বঙ্গবন্ধু যে আদর্শ ও লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ উপযুক্ত দল ছিল না। তিনি তাঁর লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়ে বেপরোয়া হয়ে উঠেছিলেন এবং আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলেন। তারপরেই দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনোর সভাপতিত্বে প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন, মঞ্জুর মঈন প্রমুখ আলোচনায় অংশ নেন।