দেশীদশের রবীন্দ্রজয়ন্তী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্য ও চিত্রকলাকেই সমৃদ্ধ করেননি; তিনি আমাদের জীবনাচরণে এনে দিয়েছেন এমন পরিবর্তন, যা বাঙালিয়ানাকে করেছে সুস্পষ্ট, পৃথিবীর অন্য সবার চেয়ে আমাদের দিয়েছেন স্বাতন্ত্র্য। বাঙালি মননের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ফ্যাশন হাউস সংগঠন দেশীদশ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আয়োজন করে ‘আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও’ শীর্ষক রবীন্দ্র সংগীতানুষ্ঠানের।অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আশরাফুর রহমান দেশীদশের এ আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে সবাইকে অবহিত করেন। তিনি বলেন, ‘আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। দেশীদশ ভবিষ্যতেও জাতির সব মনীষীকে স্মরণ করার মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে।’সম্মিলিত কণ্ঠে ‘হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ\/ তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন/ সূর্যের মতন’ পরিবেশনার মধ্য দিয়ে সংগীতানুষ্ঠানের শুরু হয়। বিশিষ্ট গিটার-বাদক ও সংগীতজ্ঞ এনামুল কবিরের সংগীত পরিচালনায় ‘আমার পরান যাহা চায়’ এবং ‘পুরানো সেই দিনের কথা’সহ রবীন্দ্রনাথের বেশ কয়েকটি জনপ্রিয় গান শিল্পীরা পর্যায়ক্রমে পরিবেশন করেন। একক ও দ্বৈত সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীত শিল্পী আশরাফুর রহমান, তাহসীনা শাহীন, কনক আদিত্য, শাহীনুর আবেদীন, মালিহা আফরীন, আমানুল্লাহ হারুন প্রমুখ। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কৃষ্ণকলি’ কবিতা আবৃত্তি করে শোনান জয়া হাসান। অনুষ্ঠানে দেশীদশের উদ্যোক্তাদের সবাই উপস্থিত ছিলেন। এ ছাড়া বিপুলসংখ্যক ক্রেতা ও দর্শনার্থী সন্ধ্যা সাতটা পর্যন্ত বিভিন্ন শিল্পীর পরিবেশিত গান উপভোগ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন দেশীদশের সমন্বয়ক ও প্রবর্তনার পরিচালক শাহিদ হোসেন।সময় প্রকাশনের বইমেলা ‘সময় প্রকাশন’ এ দেশের একটি অন্যতম সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান। দেশের বরেণ্য লেখক, কবি, বুদ্ধিজীবীসহ প্রতিশ্রুতিশীল অনেক নবীন লেখকের বই প্রকাশ করেছে তারা। প্রতিষ্ঠানটির দুই যুগ পূর্তি উপলক্ষে এবার আয়োজন করা হয়েছে দশ দিনের বিশেষ বইমেলা।গতকাল থেকে শুরু হয়েছে এই বইমেলা। ধানমন্ডির প্লাজা এ আর বিপণিবিতানের চতুর্থ তলায় বিকেলে মেলার উদ্বোধন করেন কথাশিল্পী রশীদ হায়দার ও অধ্যাপক মুনতাসীর মামুন। এ সময় প্রকাশক ফরিদ আহমেদ জানান, বইমেলায় বিশেষ ছাড়কৃত (৩৫ থেকে ৬০%) মূল্যে বই বিক্রি হবে এবং প্রতিদিনের অনুষ্ঠানে দেশের জনপ্রিয় লেখকেরা উপস্থিত থাকবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। বিকেলের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের খ্যাতিমান এক বা একাধিক লেখক। তাঁরা পাঠকদের সঙ্গে মতবিনিময় করবেন এবং অটোগ্রাফ দেবেন।বইমেলায় আজ বিকেল পাঁচটায় উপস্থিত হবেন লেখক ইমদাদুল হক মিলন। আগামীকাল একই সময়ে উপস্থিত হবেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। রোববার বিকেল সাড়ে পাঁচটায় উপস্থিত হবেন লেখক আনিসুল হক।গাছ বাঁচাতে চিত্রকর্মে আকুলতাধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে চলছে শিল্পী গুলশান হোসেনের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘সেইভ আওয়ার ট্রিস—সেইভ আওয়ার প্ল্যানেট’ অর্থাৎ আমাদের গাছ বাঁচাও, আমাদের পৃথিবী বাঁচাও। সেই প্রদর্শনীতে একটি স্থাপনা এবং ১৫টি চিত্রকর্ম রয়েছে।চিত্রকর্ম আঁকা হয়েছে মিশ্র মাধ্যমে। এসবে রয়েছে তেলরং ও অ্যাক্রেলিকের ব্যবহার। গ্যেটে ইনস্টিটিউটের দোতলায় গ্যালারিতে ও সিঁড়িতে রয়েছে চিত্রকর্ম। গুলশান হোসেনের এই ১৩তম একক প্রদর্শনীটি চলবে ২৪ মে পর্যন্ত। আর শেষ দিনে থাকবে একই বিষয়কে কেন্দ্র করে শিল্পীর তোলা আলোকচিত্রের স্লাইড প্রদর্শনী।