দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের উন্নয়ন অনেকের ভালো লাগে না। গরিবের ঘরে সম্পদ থাকলে অনেকেরই নজর পড়ে। সেজন্য দেশীয়  ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে।’

আজ শনিবার গণভবনে বরিশাল, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, নীলফামারী, পিরোজপুর, বগুড়া, গোপালগঞ্জ ও  হবিগঞ্জের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকের আগে দেওয়া সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিরোধী দলের নেতাকে আলোচনায় বসার আহ্বান জানালাম। উনি আমাকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন। আমি এখনো আছি।’ তিনি বলেন, ‘ক্ষমতায় নেওয়ার মালিক জনগণ। মানসম্মানের মালিক আল্লাহ।’

প্রধানমন্ত্রী আরও বলেন, সংবিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা হবে। বারবার ক্ষমতা দখল নিয়ে এ দেশে সংঘর্ষ ও রক্তপাত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ইসলামের হেফাজত করে। তিনি পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও উপজেলায় মসজিদ নির্মাণ করা হবে বলে ঘোষণা দেন।

শেখ হাসিনা অভিযোগ করে বলেন, ২১ আগস্ট বিরোধী দলের নেতা তাঁকে হত্যা করার চেষ্টা করেছিলেন। আ.লীগ সরকার বিরোধী দলের নেতার ছেলের পাচার করা অর্থ ফিরিয়ে এনেছে। এজন্য তাঁরা পেছনে লেগেছেন বলে মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।