
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের উন্নয়ন অনেকেরই ভালো লাগে না। সে জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। গরিবের ঘরে সম্পদ থাকলে অনেকেরই নজর পড়ে। আর আমরা তো সমুদ্র বিজয় করেছি।’
গতকাল শনিবার গণভবনে বরিশাল জেলা ও মহানগর, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, নীলফামারী, পিরোজপুর, বগুড়া, গোপালগঞ্জ ও হবিগঞ্জ জেলার আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভায় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা অভিযোগ করেন, ‘বিরোধীদলীয় নেতা (খালেদা জিয়া) চেষ্টা করেছিলেন ২১ আগস্ট আমাকে হত্যা করতে। তদন্তে বেরিয়ে এসেছে তাঁর ছেলে ও তাঁর কেবিনেটের মন্ত্রীরা এ ঘটনায় জড়িত। আমরা তাঁর ছেলের পাচার করার অর্থ ফিরিয়ে এনেছি। যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। এ জন্য তাঁরা আমাদের পেছনে লেগে আছেন।’ তিনি বলেন, উচ্চ আদালতের রায়ের আলোকে সংবিধান সংশোধন করা হয়েছে। সংবিধান মোতাবেক দেশ চলবে। আগামী নির্বাচনও হবে সংবিধান অনুসারে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতাকে আলোচনায় বসার আহ্বান জানালাম। উনি আমাকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন। বললেন, আমি নাকি পালানোরও পথ পাব না। আমি এখনো আছি। ক্ষমতায় নেওয়ার মালিক জনগণ। মানসম্মানের মালিক আল্লাহ।’
হেফাজতে ইসলামের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, যারা শত শত কোরআন শরিফ পুড়িয়েছে, বায়তুল মোকাররমে আগুন দিয়েছে, তাদের হাতে ইসলাম হেফাজত হয় কীভাবে। তিনি বলেন, ‘বিরোধী নেত্রী কয়দিন আগেও বলেছেন মতিঝিলে হেফাজতের সমাবেশে নাকি এক লাখ ৫৫ হাজার গুলি ছোড়া হয়েছে। এত গুলি ছুড়লে তো মতিঝিলের সব দালান ঝাঁজরা হয়ে যেত। অপপ্রচার চালানো হচ্ছে, হেফাজতের সমাবেশে নাকি আড়াই হাজার মানুষ নিহত হয়েছে। এত নিহত হলে তো আরও ১০ হাজার আহত হওয়ার কথা। কিন্তু আহত কাউকে তো পাওয়া যায়নি।’
শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিজ নিজ এলাকায় সংগঠনকে শক্তিশালী করুন। আমাদের শক্তি জনগণ ও সংগঠন। এ ছাড়া কোনো শক্তি আমাদের নেই। সংগঠন শক্তিশালী হলে আমরা ক্ষমতায় আসতে পারব।’