দেশীয় ও সার্কের পর্যবেক্ষকই ভরসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ, মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। এ জন্য ৫ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশীয় ও সার্কভুক্ত দেশগুলোর পর্যবেক্ষকদের ওপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পর্যবেক্ষণে আসার জন্য ইসি এদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, দেশীয় পর্যবেক্ষকদের মধ্যে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) উল্লেখযোগ্যসংখ্যক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবে। এর বাইরে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ থেকেও পর্যবেক্ষক আসতে পারে।
সব দলের অংশগ্রহণ না থাকায় ইইউ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও কমনওয়েলথ ইতিমধ্যে নির্বাচন পর্যবেক্ষণে না আসার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

কমিশন সচিবালয় সূত্র জানায়, এ কারণে কমিশন দেশীয় ও সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। ইতিমধ্যে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবোজা) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু এ সংগঠন ইউরোপ-আমেরিকার দেশ বা সংগঠনগুলোর মতো সম্পূর্ণ নিজস্ব খরচে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী নয়। কমিশন তাই ফেমবোজার পর্যবেক্ষকদের থাকা-খাওয়া বা অন্য কোনো বিশেষ সুবিধা দেওয়া যায় কি না, তা বিবেচনা করছে।

ইডব্লিউজি এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে দেখা করে জানিয়েছে, বিদ্যমান পরিবেশ অব্যাহত থাকলে তাদের পক্ষে পর্যবেক্ষণকাজ চালানো সম্ভব হবে না। তাদের পর্যবেক্ষকেরা মাঠ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাদের প্রতিবেদনের ওপর নির্ভর করছে ইডব্লিউজি পর্যবেক্ষণ করবে কি না।
সূত্র জানায়, ইডব্লিউজি যাতে নির্বাচন পর্যবেক্ষণ করে, সে জন্য কমিশন সচিবালয় থেকে জোর চেষ্টা চালানো হচ্ছে।

কমিশনারদের জন্য হেলিকপ্টার: ভোট গ্রহণের দিন ও তার আগে সিইসি, নির্বাচন কমিশনার এবং কমিশন সচিবালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নির্বাচন পর্যবেক্ষণ ও জরুরি কাজে ব্যবহারের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের কাছে একটি হেলিকপ্টার চেয়ে আজ-কালের মধ্যে চিঠি দেওয়া হবে। ১ থেকে ৫ জানুয়ারি ভোট গ্রহণের দিন পর্যন্ত এ হেলিকপ্টার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।

ব্যালট পেপার পাঠানো শুরু: গতকাল থেকে দেশের বিভিন্ন জেলায় ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু হয়েছে। তেজগাঁওয়ের সরকারি ছাপাখানা থেকে পুলিশ ও র‌্যাবের পাহারায় ট্রাকযোগে এসব ব্যালট পেপার পাঠানো হচ্ছে।

তিনজনের প্রার্থিতা বৈধ: নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ২৬ ডিসেম্বর তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
ওই তিন প্রার্থী হলেন নীলফামারী-১ আসনে জাতীয় পার্টির বর্তমান সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী, কুমিল্লা-৮ আসনে এ এস এম কামরুল ইসলাম (স্বতন্ত্র) ও চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের মাহফুজুর রহমান।