দেশীয় কোনো কোম্পানির মালিকানাধীন এ পর্যন্ত সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রের (আইপিপি) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে আজ শনিবার। ৩৩৫ মেগাওয়াট ক্ষমতার এই মেঘনাঘাট-২ কেন্দ্রটি স্থাপন করবে সামিট গ্রুপ। তাদের সঙ্গে ক্ষুদ্র অংশীদার হিসেবে আছে জেনারেল ইলেকট্রিক (জিই), আমেরিকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে এ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।প্রধানমন্ত্রী আজ মেঘনাঘাটে আরেক বেসরকারি কোম্পানি আইইএলের স্থাপিত ১০০ মেগাওয়াট ক্ষমতার ভাড়াভিত্তিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কেন্দ্রটি গত ৮ মে থেকে সফলভাবে বাণিজ্যিক উৎপাদন চালিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে।এ ছাড়া এভারেস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্রায় ২৫ মেগাওয়াট ক্ষমতার একটি ক্যাপটিভ (বেসরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবহারের জন্য স্থাপিত) বিদ্যুৎকেন্দ্রও প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা।বেসরকারি খাতে ৪৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র মেঘনাঘাটেই রয়েছে। তবে এর মালিকানা বিদেশি কোম্পানির। দেশীয় কোম্পানি হিসেবে সামিটের সর্ববৃহৎ ৩৩৫ মেগাওয়াটের কেন্দ্রটি হবে দ্বৈত জ্বালানিভিত্তিক। এতে উৎপাদন শুরু হবে ২০১৩ সালের মধ্যে।সামিট-জিই বিবিয়ানায় প্রতিটি ৩৫০ মেগাওয়াট ক্ষমতার আরও দুটি কেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে। সরকার তাদের কাছ থেকে এই কেন্দ্রগুলোর বিদ্যুৎ কিনবে ২২ বছর ধরে।মেঘনাঘাটে আইইএলের স্থাপিত ১০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয় ১৯ এপ্রিল। পরীক্ষামূলক উৎপাদনের পর্যায় সফলভাবে শেষ করে ৮ মে থেকে কেন্দ্রটি বাণিজ্যিক ভিত্তিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। কোম্পানির সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রটিতে ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।বর্তমান সরকারের পরিকল্পিত ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল কেন্দ্র থেকে এখন পর্যন্ত প্রায় ৮৪৫ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। চলতি মাসে আরও প্রায় ৩০০ মেগাওয়াট ক্ষমতার কয়েকটি কেন্দ্র চালু হবে। এ বছরের (২০১১ সাল) মধ্যে নতুন বিদ্যুৎ উৎপাদিত হবে আরও এক হাজার মেগাওয়াটের মতো।