বাংলাদেশের জঙ্গিরা ‘হোমগ্রোন’ বলে মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বিভিন্ন দেশের সমন্বয়ে কাজ করা এখন সময়ের দাবি। এককভাবে জঙ্গিবাদ দমন সম্ভব নয়।
ঢাকায় ১৪টি দেশের পুলিশপ্রধান ও অন্য কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন। তিন দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে ১২ মার্চ। পুলিশ সদর দপ্তরে এই সংবাদ সম্মেলন হয়।
এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পাকিস্তানকে সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ পাঠানো হলেও দেশটি সাড়া দেয়নি। আন্তর্জাতিক সম্মেলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলাদেশ এখনো জঙ্গিবাদ ও সন্ত্রাসের ভয়াল থাবা থেকে মুক্ত নয়। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রতিবেশী দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় এখন অত্যন্ত প্রয়োজন।
‘চিফস অব পুলিশ কনফারেন্স অব সাউথ এশিয়া অ্যান্ড নেইবারিং কান্ট্রিজ অন রিজিওনাল কো-অপারেশন ইন কারবিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শিরোনামের ওই সম্মেলনে মোট ১৪টি অধিবেশন থাকছে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনেই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামের পুলিশপ্রধান ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা থাকছেন। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশসহ আসিয়ান পোল, অপরাধ তদন্ত নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেনিং অ্যাসিসট্যান্স প্রোগ্রাম থেকেও কর্মকর্তারা আসছেন।
সম্মেলনে জঙ্গিবাদ দমন, মানব পাচার, অর্থনৈতিক অপরাধ এবং সন্ত্রাসী অর্থায়ন, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় নিয়ে কথাবার্তা হবে। এর বাইরে আইজিপির সঙ্গে ইন্টারপোলের মহাসচিবসহ নয়টি দেশের পুলিশপ্রধান দ্বিপক্ষীয় আলোচনা করবেন।