সহনীয় দামে সরবরাহ ও জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশীয় জ্বালানি সম্পদের ব্যবহার বাড়াতে হবে। এ জন্য দেশের স্থলভাগ ও সমুদ্রবক্ষে জ্বালানি অনুসন্ধান ও উত্তোলন বৃদ্ধি ত্বরান্বিত করা দরকার। কিন্তু জ্বালানি আমদানির মতো দেশীয় সম্পদ আহরণের উদ্যোগে অগ্রগতি নেই।
‘ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা এই অভিমত ব্যক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এই আলোচনায় তাঁরা বলেন, বিদ্যুতের উৎপাদন ও জ্বালানির সরবরাহ বাড়ানোর পাশাপাশি এগুলোর ব্যবহারে দক্ষতা বাড়ানো এবং অপচয় রোধও গুরুত্বপূর্ণ। দক্ষতা বাড়িয়ে ও অপচয় রোধ করে যে পরিমাণ সাশ্রয় করা যায় সেই পরিমাণ উৎপাদন কম করেও একই ফল পাওয়া যায়।
ইংরেজি পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ার-এর ১৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই গোলটেবিল আলোচনায় দুটি নিবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার আবদুস সালেক এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম. তামিম। এই দুই নিবন্ধে দেশের বিদ্যমান জ্বালানি পরিস্থিতি তুলে ধরে বলা হয়, সরকার জ্বালানি মিশ্রণের যে পরিকল্পনা বাস্তবায়ন করছে, তাতে দেশীয় জ্বালানির হার ক্রমাগতভাবে কমছে। এভাবে চললে একপর্যায়ে সহনীয় দামে জ্বালানি সরবরাহ কঠিন হবে।
এই দুই বিশেষজ্ঞ কয়লা উত্তোলনসহ দেশীয় জ্বালানি সম্পদের ব্যবহার বাড়ানো, নবায়নযোগ্য উৎস বিশেষ করে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানো, বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। পার্শ্ববর্তী দেশ থেকে বিদ্যুৎ আমদানিকে তাঁরা উভয়েই সর্বোত্তম বিকল্প বলে মত প্রকাশ করেন।
আলোচনায় অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, সরকার একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। সব ক্ষেত্রেই কাজ শুরু করা হয়েছে। কয়লা তোলা না তোলার সিদ্ধান্ত নিতে পরিবেশ-প্রতিবেশ বিবেচনায় নিতে হবে।
পিডিবির সাবেক চেয়ারম্যান এস এ মঈদ বলেন, বিদ্যুৎ উৎপাদনের মতো সঞ্চালন ও বিতরণব্যবস্থায়ও বেসরকারি খাতকে অংশ নিতে দেওয়া উচিত। তবে বেসরকারি খাতের নামে যাকে তাকে কাজ দিলে ভালো ফল পাওয়া যাবে না।
শেভরন বাংলাদেশের প্রধান ভূতত্ত্ববিদ (এক্সপ্লোরেশন) শামসুদ্দিন আহমেদ বলেন, দেশের গ্যাস ফুরিয়ে গেছে এ কথা বলার সময় এখনো অসেনি। আসলে দেশে তেল-গ্যাসের অনুসন্ধানে প্রয়োজনীয় অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। ২০০২ সালের পর গত ১৫ বছরে দেশে মাত্র ১৫টি গ্যাসকূপ খনন করা হয়েছে। তার মধ্যে ৪টিতে গ্যাস পাওয়া গেছে। দেশের স্থলভাগে আরও অনুসন্ধান চালানোর দরকার আছে, সমুদ্রসীমায় তো আছেই।
এনার্জি অ্যান্ড পাওয়ার-এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় এ ছাড়া আলোচনায় অংশ নেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, এনার্জি প্যাকের পরিচালক রিজওয়ানুল কবীর, বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক প্রমুখ।