দেশীয় পণ্য রপ্তানির ধারণা দিয়ে পুরস্কার জেতার প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হলো দেশীয় পণ্য রপ্তানির ধারণা দিয়ে পুরস্কার জেতার প্রতিযোগিতা ‘রাইজ হাই বাংলাদেশ’। ক্রাউন সিমেন্ট ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার যৌথভাবে এর আয়োজন করছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে তরুণদের কাছে দেশীয় পণ্যের উদ্ভাবনী ও সম্ভাবনাময় রপ্তানির ধারণা (আইডিয়া) সংগ্রহ করা হবে। এ প্রতিযোগিতায় সেরা তিন ধারণাকে পুরস্কৃত করা হবে।

আজ মঙ্গলবার বিকেলে ডেইলি স্টারের এ এস মাহমুদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল বলেন, ‘এটি খুবই চমৎকার একটি প্রতিযোগিতা। অনেক তরুণ আইডিয়া দিয়ে ওপরে উঠতে পারবেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব কী হয়, তা দেখার জন্য আমি উদ্‌গ্রীব থাকব।’

ডেইলি স্টারের সহযোগী সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শাহিদুল আনাম খান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করছি আমরা। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণেরা উৎসাহিত হবেন।’ রপ্তানি শিল্পে এই প্রতিযোগিতা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি।

ক্রাউন সিমেন্টের উপমহাব্যবস্থাপক (ব্র্যান্ড মার্কেটিং) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে আরও কোন কোন পণ্য বিদেশে রপ্তানি করা যায়, তা আবিষ্কারের চেষ্টা করা হবে। রপ্তানিতে নতুন নতুন ধারণার দ্বার উন্মোচিত হবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মিডিয়াকম লিমিটেডের ডিরেক্টর অপারেশন প্রদীপ নাগ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ থেকে রাইজ হাই বাংলাদেশ ক্যাম্পেইন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। অনলাইনে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এর কার্যক্রম চলবে।

এতে বিচারকের মাধ্যমে ১০টি আইডিয়াকে বাছাই করে অনলাইনে পাঠকের ভোটের জন্য দেওয়া হবে। সেখান থেকে সেরা তিন আইডিয়াকে সেরা বিবেচনা করা হবে। প্রথম যে হবে, তাদের জন্য বিদেশ সফরের ব্যবস্থা থাকবে। বিস্তারিত জানা যাবে (www.thedailystar.net/risehighbd) এ লিংকে গিয়ে।