দেশীয় পণ্য রপ্তানির ধারণা দিয়ে পুরস্কার জেতার প্রতিযোগিতা
শুরু হলো দেশীয় পণ্য রপ্তানির ধারণা দিয়ে পুরস্কার জেতার প্রতিযোগিতা ‘রাইজ হাই বাংলাদেশ’। ক্রাউন সিমেন্ট ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে এর আয়োজন করছে।
প্রতিযোগিতার অংশ হিসেবে তরুণদের কাছে দেশীয় পণ্যের উদ্ভাবনী ও সম্ভাবনাময় রপ্তানির ধারণা (আইডিয়া) সংগ্রহ করা হবে। প্রতিযোগিতায় সেরা তিন ধারণাকে পুরস্কৃত করা হবে। গতকাল মঙ্গলবার ডেইলি স্টার-এর এ এস মাহমুদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ডেইলি স্টার-এর সহযোগী সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করছি আমরা। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণেরা উৎসাহিত হবে।’
ক্রাউন সিমেন্টের উপমহাব্যবস্থাপক (ব্র্যান্ড মার্কেটিং) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে আরও কোন কোন পণ্য বিদেশে রপ্তানি করা যায়, তা আবিষ্কারের চেষ্টা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মিডিয়াকম লিমিটেডের ডিরেক্টর অপারেশন প্রদীপ নাগ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ (গতকাল) থেকে ‘রাইজ হাই বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। অনলাইনে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এর কার্যক্রম চলবে। বিস্তারিত জানা যাবে : www.thedailystar.net/risehighbd এই লিংকে গিয়ে।