দেশীয় পণ্যের টানে ক্রেতারা ছুটছেন বুটিক হাউসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে চট্টগ্রামের বুটিক হাউসগুলো সেজেছে নতুন রূপে। নিজস্ব ডিজাইন আর দেশীয় কাপড়ের প্রাধান্যই এবারের আয়োজনের বিশেষত্ব। নবীন-প্রবীণ ডিজাইনারদের উদ্যোগে গড়ে ওঠা নানা পরিসরের বুটিক হাউসগুলো এখন ক্রেতাদের পদচারণে মুখর। দেশীয় পণ্যের টানে ক্রেতারা ছুটছেন স্থানীয় বুটিক হাউসের দিকে।চট্টগ্রামের সবচেয়ে পুরোনো বুটিক হাউস রমণীয়ার ডিজাইনার ফারুক-ই-আজম প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে পোশাকে ফ্যাশনের সংযোজন ঘটিয়েছে বুটিক হাউসগুলোই। দেশীয় কাপড়ের প্রাধান্য এবং সমসাময়িক ফ্যাশনের চাহিদাকে প্রাধান্য দেওয়াই এসব বুটিক হাউসের উদ্দেশ্য। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে স্থানীয় বুটিক হাউসগুলো পোশাকে এনেছে আধুনিকতার ছোঁয়া। ঈদ উপলক্ষে দেশের আবহাওয়ার সঙ্গে সংগতি রেখে ফ্যাশন বুটিক হাউস রমণীয়া কাপড় হিসেবে ৮০ শতাংশই সুতিকে বেছে নিয়েছে। এ ছাড়া সিল্ক, অ্যান্ডি সিল্কের কাপড়ের ওপর প্যাচওয়ার্কসহ হাতের নানা কাজ।গতকাল রোববার দুপুরে নগরের সানমার ওশান সিটিতে গিয়ে দেখা গেছে নারী ও পুরুষের জন্য শৈল্পিকের আলাদা বিক্রয়কেন্দ্রে ক্রেতাদের ভিড়। শৈল্পিকে মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে আসা আতিফা জাহান বলেন, ‘এখন আর ভারী কাজ করা পোশাক পরতে ভালো লাগে না। দেশীয় কাপড়ের ওপর হালকা কাজ করা পোশাক অনেক বেশি আরামদায়ক। তা ছাড়া দেশীয় বুটিক হাউসগুলোতে মনের মতো পোশাক পাওয়া যাচ্ছে। তাই বেশ কয়েক বছর ধরে বুটিক হাউসের পোশাকই কিনি।’ শৈল্পিকের শোরুমে পুরুষদের জন্য পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফতুয়া, প্যান্ট, শেরওয়ানি এবং মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, স্কার্ট, টপস ও বোরকা রয়েছে। শিশুদের জন্যও রয়েছে পাঞ্জাবি, ফ্রক, স্কার্ট প্রভৃতি। এসব পোশাকে প্রাধান্য দেওয়া হয়েছে দেশীয় কাপড়কে।শৈল্পিকের শোরুম ইনচার্জ মো. সেলিম বলেন, অ্যান্ডি কটন, ক্র্যাপ, সুতি এবং সিল্ক কাপড়ের ওপর বিভিন্ন পোশাকে নিজস্ব ডিজাইনে এমব্রয়ডারি, করচুপি ও হাতের কাজ করা হয়েছে। শৈল্পিকের শোরুমে রয়েছে মসলিন, টাঙ্গাইল, তাঁত ও সুতির ওপর নানা কাজের এবং বিভিন্ন দামের শাড়ির কালেকশন। এসব শাড়ির দাম এক হাজার ৪০০ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত। ঈদে যেহেতু পাঞ্জাবির চাহিদা বেশি, তাই পাঞ্জাবির ডিজাইনে নিয়ে আসা হয়েছে নতুনত্ব। পাঞ্জাবির ডিজাইনে পূর্ব ও পশ্চিমের মেলবন্ধন ঘটানো হয়েছে।ডলস হাউসের কর্ণধার আইভি হাসান বলেন, ঈদ সামনে রেখে ডলস হাউস দেশীয় কাপড়ের ওপর অ্যাপলিক, প্যাচওয়ার্ক, পাড় বসিয়ে পোশাক তৈরি করেছে। মেয়েদের চলতি ফ্যাশনকে প্রাধান্য দিয়ে সালোয়ার-কামিজ করা হয়েছে লম্বা ধাঁচের। সালোয়ার-কামিজে ব্লক, কাথাস্টিচ, কারচুপি ও সুতার নানা কাজ করা হয়েছে। ডলস হাউসে পাঞ্জাবির মূল্য এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকা। মসলিন, সুতি, খাদির শাড়ি পাওয়া যাবে এক হাজার ৫০০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বুটিক হাউস ময়ূরাক্ষীর ডিজাইনার জোবাইদা আশরাফ প্রথম আলোকে বলেন, ‘১৪ বছর ধরে দেশীয় পোশাকের ডিজাইনে নতুনত্ব আনতে কাজ করে যাচ্ছি। পোশাক তৈরিতে দেশীয় কাপড় সপুরা, বলাকা সিল্ক, মটকা, দোপিয়ান, অ্যান্ডি কটনকেই এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। ঈদসহ বিভিন্ন উৎসব-পার্বণে বুটিক হাউসের তৈরি পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে।’