দেশীয় প্রতিষ্ঠানের জন্য কনটেইনার জাহাজ নির্মাণ করছে ওয়েস্টার্ন মেরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থেকে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনালে কনটেইনার পরিবহনের জন্য কনটেইনার জাহাজ নির্মাণ করছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়ায় শিপইয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ। এ সময় অতিথিরা হাতুড়ি দিয়ে জাহাজের পাটাতনে আঘাত করেন। অনুষ্ঠানে জানানো হয়, বেসরকারি প্রতিষ্ঠান মীর অ্যান্ড ইসলাম এন্টারপ্রাইজের জন্য এ কনটেইনার জাহাজ নির্মাণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি কনটেইনার জাহাজ পরিচালনার লাইসেন্স পেয়েছে। জাহাজটির কনটেইনার রাখার ধারণক্ষমতা হবে ১৩৪টি (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্য হিসেবে)। এটির দৈর্ঘ্য হবে ৭৭ মিটার এবং কনটেইনার ভর্তি করা হলে গভীরতা হবে চার মিটার। বন্দর থেকে পানগাঁও টার্মিনাল পর্যন্ত নৌপথে চলাচলের উপযোগী করে জাহাজটি নির্মাণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেনমার্কের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সেভন্ড ওলিং, কমোডর কমান্ডিং চট্টগ্রাম কমোডর আনোয়ারুল ইসলাম, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন প্রমুখ।অনুষ্ঠানে সাইফুল ইসলাম বলেন, বন্দর থেকে পানগাঁও নৌপথে চলাচলের জন্য সরকার ৩২টি কনটেইনার জাহাজ নির্মাণের লাইসেন্স দিয়েছে। এর মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড পাঁচটি জাহাজ নির্মাণের কার্যাদেশ নিশ্চিত করেছে।