দেশীয় মুরগির জাত উন্নয়নে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

স্বাস্থ্যবান ও উন্নত দেশ গড়তে ২০২১ সালের মধ্যে ডিম ও মুরগির মাংসের উৎপাদন দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ জন্য তিনি বিজ্ঞানী, গবেষক, পোলট্রি-খামারি ও উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আন্তর্জাতিক পোলট্রি শো ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি পোলট্রিশিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও বিজ্ঞানীদের দেশীয় মুরগির জাত উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
ওয়ার্ল্ড©পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) আয়োজিত ১০ম এই আন্তর্জাতিক পোলট্রি শোর অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগে দেশের পোলট্রিশিল্প ধ্বংস হতে যাচ্ছিল। তখন ‘জ্ঞানী-গুণীদের’ তত্ত্বাবধায়ক সরকার ওই রোগের ভ্যাকসিন আমদানির অনুমতি দেয়নি। এতে অনেক খামারে রোগের আক্রমণে বিপুলসংখ্যক মুরগি মারা যায়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে ভ্যাকসিনের অনুমতি দেয়, ক্ষুদ্র খামারিদের স্বল্প সুদে ঋণ দেয়। এতে এই শিল্প আবারও উঠে দাঁড়ায়। পোলট্রিশিল্পের বড় উদ্যোক্তাদের গ্রাম-গঞ্জের ছোট খামারিদের সহযোগিতা দেওয়ার জন্য বলেন তিনি।