সারা পৃথিবীতে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করে উন্নয়ন সঞ্চালন হচ্ছে। আমাদেরও অভ্যন্তরীণ এবং দেশীয় সম্পদ ব্যবহার করে উন্নয়ন করতে হবে। উন্নয়নের অর্থায়ন হবে দেশীয় সম্পদ থেকে। এ জন্য ভ্যাট বা মূসক হবে ভবিষ্যৎ রাজস্বের হাতিয়ার।
বরিশালে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় নগরের আঞ্চলিক কর ভবনের কীর্তনখোলা সম্মেলনকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নজিবুর রহমান বলেন, উন্নয়নের অক্সিজেন হচ্ছে রাজস্ব। ভ্যাটের মতো অভ্যন্তরীণ সম্পদ আহরণে এনবিআর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে এ বছরের জুলাই থেকে বাস্তবায়িত হবে নতুন মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন, ২০১২। মানুষ কর দেওয়ার মতো যাতে ভ্যাট দিতে উৎসাহিত হয় সেই দিকে লক্ষ রেখে কাজ করছে এনবিআর।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘আগে একটা ধারণা ছিল আমাদের দেশের জনগণ ট্যাক্স দিতে চান না, আয়কর দিতে চান না। এখন আর এই অপবাদ দেওয়া সমীচীন হবে না। জনগণ রাজস্বমনস্ক। ক্রমান্বয়ে টিআইএন নম্বর বাড়ছে। এ বছর জুন পর্যন্ত করদাতা শনাক্তের (টিআইএন) লক্ষ্যমাত্রা ধরা ছিল ২৫ লাখ। ইতিমধ্যে ২৭ লাখে পৌঁছে গেছে। সবার সহযোগিতায় বছর শেষে এই সংখ্যা ৩০ লাখে পৌঁছাবে।’
বরিশালের করদাতাদের ধন্যবাদ জানিয়ে নজিবুর রহমান বলেন, উৎসবমুখর পরিবেশে বরিশালের করদাতারা রাজস্ব দিয়েছেন। বর্তমানে খুলনা থেকে প্রতিনিধিত্ব করা হচ্ছে। আগামী দিনে বরিশাল বিভাগে রাজস্ব বিভাগের পূর্ণাঙ্গ উপস্থিতি নিশ্চিত করা হবে। কেবল আয়কর বিভাগ নয়, শুল্ক এবং ভ্যাট বিভাগেরও কমিশনার পর্যায়ে সরাসরি প্রতিনিধিত্ব থাকবে।
বেলা তিনটায় নগরের হোটেল গ্র্যান্ড পার্ক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় বিভাগীয় রাজস্ব সংলাপ। সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ছাড়াও বরিশাল বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।