দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে: তরিকুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। কারও মিছিল-মিটিং করার অধিকার নেই। এই সরকারের আমলে দেশে হত্যা, গুম, নির্যাতন বেড়েই চলেছে। সরকার বেছে বেছে বিএনপির নেতা-কর্মীদের গুম করছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের প্রিয়া সিনেমা হল মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তরিকুল এসব কথা বলেন।
সারা দেশে হত্যা-গুমের রাজনীতি চলছে উল্লেখ করে তরিকুল বলেন, বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। বিএনপির ১৫৭ জন নেতা-কর্মী গুমের শিকার হয়েছেন, যাঁরা আজও ফিরে আসেননি।
তরিকুল বলেন, দলীয় নেতা-কর্মী হওয়ায় হত্যা-ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া সাড়ে সাত হাজার মামলা প্রত্যাহার করেছে সরকার। প্রায় ৫০ হাজার সন্ত্রাসীকে মুক্তি দিয়েছে।
জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক, জাসাসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান।
এ সময় ছয় উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।