দেশে অনেক অনুমোদনহীন ফার্মেসি রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অনেক অনুমোদনহীন ফার্মেসি রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, দেশে ১ লাখ ২৫ হাজার অনুমোদিত ফার্মেসি রয়েছে। এ ছাড়া আরও অনেক অনুমোদনহীন ফার্মেসি রয়েছে। সেসব ফার্মেসির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হয়। স্বাস্থ্য ব্যবস্থায় কোনো ধরনের অরাজকতা সরকার মেনে নেবে না।

গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় নগরের মীরবক্সটুলা এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি সিলেট শাখার উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সিলেটে চালু হওয়া আটটি মডেল ফার্মেসির উদ্বোধন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের সিভিল সার্জন মো. হাবিবুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান, বিএমএর কেন্দ্রীয় মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী প্রমুখ।