যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু সাভারের রানা (সোহেল রানা) নয়, দেশে আরও অনেক রানা রয়েছেন। তাঁরা সাভারসহ বিভিন্ন জায়গায় মরণফাঁদ তৈরি করে রেখেছেন। তাঁদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে।গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভুলতা-মুড়াপাড়া সড়কের মেরামতকাজ পরিদর্শন করতে এসে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, কিছু লোক অতিরিক্ত লোভ ও লিপ্সার বশে সাধারণ মানুষকে জিমিঞ্চ করে রেখেছেন। ৪৪ লাখ টাকা ব্যয়ে ভুলতা-মুড়াপাড়া সড়ক নির্মাণে এক মাস আগে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু এ কাজের অগ্রগতি না থাকায় অসন্তোষ প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী। ওই কাজে অবহেলার অভিযোগে তিনি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান ও উপবিভাগীয় প্রকৌশলী আবদুল হামিদকে কারণ দর্শানোর নোটিশ দিতে সওজের প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন।শীতলক্ষ্যা সেতু নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেতুর নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। সৌদি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই ঋণচুক্তি হবে। তিনি বলেন, বর্ষা মৌসুমের আগেই বাংলাদেশের সব সড়কের সংস্কারকাজ সম্পন্ন করতে সওজের সব প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।