দেশে অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতি বছর ৮ লাখ ৮৬ হাজার মানুষের মৃত্যু হয়। এর মধ্যে ৫৯ শতাংশের মৃত্যু হয় অসংক্রামক ব্যাধির কারণে। বাংলাদেশ হেলথ ওয়াচ রিপোর্ট ২০১৬-এ এই তথ্য দেওয়া হয়েছে। 


আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ব্র্যাক সেন্টারে এই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশে হৃদরোগ সংক্রান্ত জটিলতায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। অন্য কারণগুলোর মধ্যে আছে ক্যানসার, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস ইত্যাদি। অস্বাস্থ্যকর খাবার, নগরায়ণ, ধূমপান, কায়িক পরিশ্রম না করার কারণে দেশে অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে।

হেলথ ওয়াচে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতি দুই বছর পর পর স্বাস্থ্য নিয়ে এই প্রতিবেদন প্রকাশিত হয়। এটা ষষ্ঠ প্রতিবেদন।

অর্থনীতিবিদ সিমিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ নাহিম রাজ্জাক, গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ খান, ব্র্যাকের ভাইস চেয়ারপারসন আহম্মেদ মোস্তাক রাজা চৌধুরী বক্তব্য দেন।