দেশে অসুস্থদের ৬১ শতাংশ অসংক্রামক রোগের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে অসংক্রামক রোগের বোঝা অনেক বড়; দিন দিন তা আরও বড় হচ্ছে। অসুস্থদের ৬১ শতাংশই অসংক্রামক রোগে আক্রান্ত। খাদ্যাভ্যাস ও জীবনাচারের পরিবর্তন, দ্রুত নগরায়ণ, ধূমপান, প্রক্রিয়াজাত খাদ্যের প্রসার, বায়ু দূষণ, সড়ক দুর্ঘটনা, মানসিক চাপের কারণে অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদন ‘হেলথ বুলেটিন-২০১৫’-তে এই তথ্য দেওয়া হয়েছে। বছরের শেষ দিন আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ৯৭ শতাংশের কমপক্ষে একটি অসংক্রামক রোগের ঝুঁকি আছে। আর এই জনগোষ্ঠীর অর্ধেকের আছে দুটি রোগের ঝুঁকি। এসব রোগের ঝুঁকিরও কিছু পরিসংখ্যান দেওয়া হয়েছে। বলা হয়েছে, দেশে ৪ কোটি মানুষ ধূমপান ও পান-জর্দায় অভ্যস্ত। ৬ কোটি ৪৫ লাখ মানুষ পর্যাপ্ত পরিমাণে ফল ও সবজি খায় না। এক কোটি ৭০ লাখ মানুষ প্রয়োজনীয় কায়িক পরিশ্রম করে না। অন্যদিকে, দেশের বয়স্কদের ১৮ শতাংশের উচ্চ রক্তচাপ ও ৪ শতাংশের ডায়াবেটিস আছে।

প্রতিবেদনে হৃদরোগ, স্নায়বিক রোগ, ক্যানসার, ডায়াবেটিস, কিডনি রোগ, স্থায়ী বক্ষব্যাধি, আর্সেনিকোসিস, শ্রবণ প্রতিবন্ধিতা, মুখের রোগ—এগুলোকে অসংক্রামক রোগ বলা হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থাপনার সুবিধার্থে পানিতে ডোবা, সাপে কামড়, আত্মহত্যা, নারীর প্রতি সহিংসতা, অ্যাসিডে পোড়ার রোগীদেরও এর আওতাভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) এই বুলেটিন প্রকাশ করেছে। এমআইএসের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, স্বাস্থ্য ব্যবস্থাপক, গবেষক, দাতা সংস্থা, শিক্ষক ও সাংবাদিকদের স্বাস্থ্য তথ্যের চাহিদা পূরণই এই বুলেটিনের উদ্দেশ্য। তিনি বলেন, গ্রাম পর্যায়ের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে জাতীয় পর্যায়ের সব সরকারি প্রতিষ্ঠানের তথ্য, কিছু বেসরকারি হাসপাতাল, একাধিক দাতা সংস্থাসহ বিভিন্ন কর্মসূচির তথ্য নিয়ে বাৎসরিক এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়া রোগীর পরিসংখ্যান থেকে দেখা যায় যে হৃদরোগের প্রকোপ বাড়ছে। ২০০৯ সালে এই হাসপাতালের বহির্বিভাগে এক লাখ ৬০ হাজার আটজন চিকিৎসা নেয়। ২০১৪ সালে বহির্বিভাগে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় দুই লাখ ৫৩৩ জনে। একই সময়ের ব্যবধানে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বেড়েছে।

একইভাবে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের তথ্যে দেখা যাচ্ছে, প্রতি বছরই এই প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বাড়ছে। পরিসংখ্যান বলছে জাতীয় ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালে ক্যানসারের রোগী বাড়ছে।

অসংক্রামক রোগ বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, মানসিক চাপ, ধূমপান, ভেজাল খাবার, বায়ু দূষণের কারণে অসংক্রামক রোগ বাড়ছে। ফাস্ট ফুডে অভ্যস্ত হওয়ার পাশাপাশি শারীরিক পরিশ্রম না করার কারণেও এর ঝুঁকি বাড়ছে। তিনি বলেন, ভেজাল, ধূমপান, বায়ু দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করার ব্যাপকভিত্তিক উদ্যোগ নিতে হবে।