দেশে আইএস নেই, আছে ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৌশলগত অবস্থানের’ কারণে বাংলাদেশে শক্ত ঘাঁটি গড়তে চায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এরপর তারা ভারত ও মিয়ানমারে হামলা করতে চায়।
আইএসের মুখপাত্র অনলাইন সাময়িকী দাবিক-এর ১৪তম সংস্করণে প্রকাশিত এক সাক্ষাৎকারে সংগঠনটির কথিত বাংলাদেশ প্রধান শেখ আবু-ইব্রাহিম আল-হানিফ এ কথা বলেছেন। ‘নাস্তিক এবং মহানবী (সা.)-কে নিয়ে উপহাসকারী এবং মুরতাদদের’ গলা কাটার জন্য আইএসের যোদ্ধারা ছুরিতে শাণ দিচ্ছে বলে হুমকি দিয়েছেন তিনি। এ ছাড়া জামায়াতে ইসলামীর মাঠপর্যায়ের কিছু অনুসারী এরই মধ্যে আইএসে যোগ দিয়েছে বলেও দাবি করা হয়। গত বুধবার এই সংস্করণটি অনলাইনে প্রকাশিত হয়।
অবশ্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসের সাংগঠনিক কোনো অস্তিত্ব নেই। তবে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আইএসের কোনো ঘাঁটি বাংলাদেশে নেই, এমন কোনো সংগঠন বাংলাদেশে নেই। আইএসকে হয়তো অল্প দু-একজন বিশ্বাস করতে পারে। কোনো বিদেশি মতাদর্শের লোক এই দেশে ঘাঁটি গেড়ে অন্য দেশে আক্রমণ করবে, সেটা হবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দেশের জঙ্গি সংগঠনের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশের আক্রমণের সুযোগ দেওয়া হবে না। সংখ্যালঘুদের আক্রমণ আমাদের ইসলাম ধর্ম প্রশ্রয় দেয় না। কাজেই যারা এগুলো বলে তারা ইসলাম ধর্মের তো নয়ই, এরা মানবতার শত্রু। আমি আগেও বলছি, এখনো বলছি এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র।’
দাবিকে সাক্ষাৎকার প্রকাশের মধ্য দিয়ে এই প্রথম আইএস কথিত ‘বাংলায় খিলাফতের যোদ্ধা’ দলের আমিরের নাম-পরিচয় প্রকাশ করল। এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত ছয় মাসে ১৫টি হামলার দায় স্বীকার করেছে আইএস। এর মধ্যে দুই বিদেশি নাগরিক, হিন্দু পুরোহিত, খ্রিষ্টান ধর্মযাজক ও পুলিশ হত্যা, আহমদিয়া মসজিদ ও শিয়া মসজিদে হামলাসহ শিয়া সম্প্রদায়ের ওপর একাধিক হামলা হয়। বাংলাদেশ সরকার শুরু থেকেই আইএসের এসব দাবি প্রত্যাখ্যান করে আসছে। পরে বিভিন্ন সময়ে আইএস দায় স্বীকার করেছে—এমন আটটি ঘটনায় জেএমবির জঙ্গিরা ও একটিতে (ঢাকায় ইতালীয় নাগরিক হত্যা) বিএনপির কিছু নেতা জড়িত বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়। বাকি ছয়টি ঘটনার এখনো কূলকিনারা করতে পারেনি পুলিশ।
কথিত আইএসের প্রধান শেখ আবু-ইব্রাহিম আল-হানিফ দীর্ঘ সাক্ষাৎকারে বাংলাদেশের কৌশলগত অবস্থানের সুবিধার কথা ব্যাখ্যা করে বলেন, এখান থেকে ভারত ও মিয়ানমারে জিহাদ পরিচালনা সুবিধাজনক হবে। ভারতের পূর্ব দিকে বাংলাদেশ এবং পশ্চিম দিকে খোরাসান (আফগানিস্তান ও পাকিস্তানে আইএসের শাখা পুরো অঞ্চলটিকে খোরাসান প্রদেশ নামে ডাকে)। বাংলাদেশকে শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারলে সেখান থেকে এবং খোরাসান থেকে সমানভাবেই ভারতের ভেতরে গেরিলা আক্রমণ পরিচালনা করা যাবে। মিয়ানমারের প্রশ্নে বলেন, বাংলাদেশে অবস্থান জোরদার করার পরই তাঁরা সে দেশে হামলা শুরু করবেন।
সাক্ষাৎকারের শুরুতে আবু-ইব্রাহিম দাবি করেন, এখানে তাঁদের কর্মকাণ্ডকে এখানকার মুসলমানেরা ‘রাফিদা’ (শিয়া), ‘কাদিয়ানি’, হিন্দু ও মিশনারিসহ বিভিন্ন ‘ক্রুসেডারদের’ বিরুদ্ধে লড়াই হিসেবে দেখতে শুরু করেছে। কারণ, সংখ্যা ও শক্তিতে সীমিত হলেও তাঁরা ওই ‘ক্রুসেডারদের’ লক্ষ্যবস্তু করতে ও ভীতসন্ত্রস্ত করতে পেরেছেন।
আইএসের কথিত এই নেতা এ দেশে বিভিন্ন ‘ধর্মদ্রোহী’ গোষ্ঠী ও ‘মুরতাদ’ দল তৈরি হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, প্রথমত, এখানে কিছুসংখ্যক রাফিদা (শিয়া) রয়েছে, যাদের মদদ ও অর্থ দিচ্ছে ইরান সরকার। এরপর উল্লেখযোগ্য সংখ্যক ‘কাদিয়ানি’ (আহমদিয়া) রয়েছে। তৃতীয়ত, বহুসংখ্যক ‘ধর্মত্যাগী’ রয়েছে, যারা বিভিন্ন ‘দেশি-বিদেশি মিশনারি ও এনজিওগুলোর’ ধোঁকাবাজি প্রচারণার ফলে ধর্মান্তরিত হয়েছে। এ ছাড়াও রয়েছে ‘কবর-উপাসক সুফি’ ও ‘ভণ্ড সাধুরা’, যারা লোকজনকে ‘শিরক’ করতে উৎসাহিত করে।
বাংলাদেশে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড সম্পর্কে আবু-ইব্রাহিম বলেন, সাম্প্রতিক সময়ে সরকার দলটির অনেক নেতাকে কারাবন্দী করেছে ও ফাঁসি দিয়েছে। ইরাকের সাহওয়াত (সুন্নিপন্থী গ্রুপ) ও মিসরের ইখওয়ান (মুসলিম ব্রাদারহুড) যে পরিণতি বরণ করেছে, এটা তেমনই। আবু-ইব্রাহিম দাবি করেন, জামায়াতের তৃণমূল পর্যায়ের কিছু অনুসারী ও সমর্থক এরই মধ্যে আইএসে যোগ দিয়েছে। তবে দলটির নেতারা এখনো তাদের আগের সেই ‘ধ্বংসের পথ’-এ অবিচল রয়েছে। তারা হাসিনা সরকারের সঙ্গে পাল্লা দিচ্ছে, কে কতটা ‘কুফর’ করতে পারে।
জামায়াত সম্পর্কে আবু-ইব্রাহিম আরও বলেছেন, দলটি এমন একটি রাজনৈতিক দল, যাদের ‘কুফর’ ও ‘শিরক’ করার লম্বা ইতিহাস রয়েছে। প্রথমত, তারা ‘গণতন্ত্র ধর্ম’-কে সমর্থন করে ও লোকজনকে তার প্রতি আহ্বান জানায়। এটি একটি বড় ‘শিরক’। গণতন্ত্র নিজেই একটি ধর্ম, যা লোকজনকে বিভিন্ন বিষয়কে হালাল বা হারাম হিসেবে নির্ধারণ করার ক্ষমতা দেয়। অথচ, এটা একমাত্র আল্লাহর অধিকার। দ্বিতীয়ত, এটি একটি জাতীয়তাবাদী সংগঠন, যারা জাতীয়তাবাদকে এগিয়ে নিতে কাজ করে। এটা ‘জাহেলিয়া’ যুগের বস্তাপচা একটি ধারণা। যারা এমন আহ্বান জানায় ও তাতে অবিচল থেকে মৃত্যুবরণ করে, তারা নামাজ পড়লে, রোজা রাখলে বা মুসলিম হিসেবে নিজেদের দাবি করলেও জাহান্নামবাসী। তৃতীয়ত, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াত ক্ষমতায় থাকলেও দেশে ‘আল্লাহর আইন’ বাস্তবায়ন করেনি। যারা ‘আল্লাহর আইন’-এ চলে না, তারা ‘কাফের’। চতুর্থত, ওই সময় যারা দেশে ‘আল্লাহর আইন’ বাস্তবায়নে কাজ করছিল, তাদের দমনে প্রাচ্য ও পাশ্চাত্যের শক্তিকে সহায়তা করতে একটুও দ্বিধাবোধ করেনি জামায়াত। পঞ্চমত, ভারতে নির্বাচনে জয়ী হয়ে ‘মুশরিক’ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে তাঁকে অভিনন্দন জানিয়েছিল জামায়াত।
আইএসের কথিত বাংলাদেশ প্রধান এখানকার তাবলিগ জামাত ও আহলে হাদিস আন্দোলনেরও সমালোচনা করেন। আওয়ামী লীগ ও বিএনপিকে ‘তাগুত’ বলে আখ্যায়িত করেছে।
বাংলাদেশি ‘জিহাদির’ নাম প্রকাশ: দাবিকের সর্বশেষ এই সংস্করণে আইএসের হয়ে লড়াই করতে গিয়ে সিরিয়ায় নিহত হয়েছেন—এমন এক বাংলাদেশি একজন ‘জিহাদির’ নাম ও ছবি প্রকাশ করেছে। তাঁর নাম বলা হয়েছে আবু জান্দাল আল-বাঙালি। এটা তাঁর ছদ্মনাম বলে ধারণা করা হচ্ছে।
দাবিকের নিবন্ধে বলা হয়, আবু জান্দালের বাবা ছিলেন সেনা কর্মকর্তা, যিনি ২০০৯ সালের ‘বিডিআর বিদ্রোহে’ নিহত হন। আবু জান্দাল কিশোর বয়স থেকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ হন। একপর্যায়ে তিনি আইএসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। মধ্যপ্রাচ্যে একটি সম্মেলনে যোগদানের নাম করে তিনি সিরিয়ায় যাওয়ার জন্য জাল সুপারিশপত্র তৈরি করে তাতে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর ও সিলমোহর জাল করেন। বিষয়টা জানাজানি হলে বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত জান্দালের এক মামা তাঁর যাত্রা রোধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। জান্দাল সিরিয়ায় আইন ইসা এলাকায় এক লড়াইয়ে গুলিবিদ্ধ হন ও পরে মারা যান।
তবে আবু জান্দালের সিরিয়া যাত্রা অথবা মৃত্যুর দিন-তারিখ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তাঁর পরিচয় সম্পর্কে নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে পুলিশের জঙ্গি দমন ও আন্তদেশীয় অপরাধ দমন বিভাগের প্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম গতকাল বিবিসি বাংলাকে বলেন, ‘বাংলাদেশে আসলে আইএস বা ইসলামিক স্টেটের কোনো সাংগঠনিক অস্তিত্ব নাই। একটা লোকের নাম তারা প্রকাশ করেছে, এই ধরনের নাম বাংলাদেশের মানুষের হয় না। তো এটি পুরোপুরি একটা কাল্পনিক বিষয় তারা উপস্থাপন করেছে। সেটির উদ্দেশ্য হলো আসলে বাংলাদেশে আইএসের অস্তিত্ব আছে এটা প্রমাণ করার অপচেষ্টা। বাস্তবে আইএসের কোনো সাংগঠনিক কাঠামো বা আইএসের কোনো অস্তিত্ব বাংলাদেশে নাই।’