বাংলাদেশে আইএস বা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল মঙ্গলবার তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকেরা জানতে চান, তাহলে আইএস পরিচয়ে যাদের গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে, তার ভিত্তি কী? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্দেহভাজন হিসেবে এদের গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গিদের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে কেউ যদি এটা নিয়ে আলাপ-আলোচনা করে বা কাউকে উদ্বুদ্ধ করে, তাহলে তাকেও ছাড় দেওয়া হয় না।
গত সোমবার ইতালির নাগরিক তাবেলা সিজারকে (৫০) হত্যার পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে। বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করে যুক্তরাষ্ট্রভিত্তিক এমন ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ গত সোমবার এ তথ্য জানায়। আইএসের দাবির বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনেও উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা তাদের নাগরিকদের জন্য যে ভ্রমণবিষয়ক সতর্কবার্তা হালনাগাদ করছে, তাতেও ইতালির নাগরিক হত্যায় আইএসের দায় স্বীকার করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল তাঁর মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বলেন, আইএসের কথিত দাবি সত্য নাকি বিভ্রান্তিকর, তা খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট থেকে আইএসের হত্যার দায় স্বীকারের কথা জানানো হয়েছে। তবে কোনো সন্দেহকে তদন্তের জন্য অমূলক ভাবা হচ্ছে না।
দেশে আইএসের কর্মকাণ্ড না থাকলেও কয়েক দিন পর পর জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে র্যাব-পুলিশ আইএসের নেতা বা কর্মী পরিচয়ে যাদের গ্রেপ্তার করে, তারা আসলেই জঙ্গি কি না—এমন প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান জবাব দেন। তিনি বলেন, যেসব বিদেশি নাগরিকের এ দেশে আসা-যাওয়া আছে বা যেসব বাংলাদেশি বিদেশে থেকেছে এবং যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, তাদের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজর থাকে। আইএস বা আন্তর্জাতিক অন্য কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যাদের ছিটেফোঁটা যোগসূত্র থাকে বা যারা এ ধরনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার চেষ্টা করে বা সদস্য সংগ্রহ করতে আসে, তাদের গ্রেপ্তার করা হয়।
একজন সাংবাদিক জানতে চান, তাঁর কাছে থাকা তথ্য অনুযায়ী আইএসের সঙ্গে জড়িত অভিযোগে অন্তত ২২ জন আসামি জেলে আছে। আইএস যদি না থাকে, তাহলে এদের এভাবে জঙ্গি বলে চিহ্নিত করায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত ও বিচারে প্রমাণিত হবে তারা জঙ্গি কি না। বিদেশি নাগরিক হত্যার ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।
জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক ইশফাক এলাহী চৌধুরী প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত বাংলাদেশে আইএসের কর্মকাণ্ড সম্পর্কে বিশ্বাসযোগ্য কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আইএস পরিচয়ে যাদের গ্রেপ্তার করা হয় এবং এ-সংক্রান্ত যেসব বক্তব্য দেওয়া হয়, তাতে বিভ্রান্তির যথেষ্ট সুযোগ থাকে। তিনি আরও বলেন, জঙ্গিবাদের অভিযোগে শুধু গ্রেপ্তার পর্যন্ত তথ্য জানা যায়, এরপর সবকিছু গায়েব হয়ে যায়।
ইশফাক এলাহী মনে করেন, জঙ্গিবাদ প্রশ্নে সরকারের অবস্থান পরিষ্কার না হলে জঙ্গিবাদ দমনের কর্মকাণ্ড ‘সাজানো নাটক’ কি না, সেই প্রশ্ন চলতেই থাকবে।