দেশে আইএসের অস্তিত্ব নেই: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ইসলামিক স্টেট (আইএস)এর কোনো অস্তিত্ব নেই বলে আবারও দাবি করলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। তিনি বললেন,‘আইএসের কার্যক্রম যেন দেশে না হয় এ জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে’। 


আজ শনিবার বিকেলে বগুড়া পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে যোগ দেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইএস প্রসঙ্গে পুলিশ প্রধান এসব কথা বলেন।

সদ্য সমাপ্ত ঢাকায় বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনে জঙ্গিবাদ বিশেষজ্ঞ রোহান গুণারত্ন বলেছিলেন গুলশানের হলি আর্টিজানে হামলায় আইএস জড়িত। কিন্তু আইজিপি এই বক্তব্য সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন। সেদিন তিনি বলেছিলেন, ‘আইএসের সঙ্গে এ দেশের জঙ্গিদের কোনো যোগাযোগ নাই’।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আজ আইজিপি বলেন, হলি আর্টিজান ও শোলাকিয়াসহ সাতটি অভিযানে প্রধান জঙ্গিরা নিহত হয়েছে। তবে বাংলাদেশে এখনো জঙ্গি সম্পূর্ণ নির্মূল হয়নি। কিছু বীজ রয়ে গেছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জঙ্গিরা তৎপরতা অব্যাহত রেখেছে। জঙ্গি নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। দেশ থেকে জঙ্গি নির্মূলে সুশীল সমাজ, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

গত ২৪ ঘণ্টায় দেশে দুটি জঙ্গি তৎপরতার ঘটনায় তারা (জঙ্গিরা) কোনো ম্যাসেজ দিচ্ছে কী না-জানতে চাইলে আইজিপি বলেন, জঙ্গিরা তাদের অস্তিত্ব জানান দিতে চাচ্ছে, আর আমরা চাচ্ছি দেশ থেকে জঙ্গি নির্মূল। যেহেতু জঙ্গি নির্মূল হয়নি, সে কারণেই র‌্যাব’র প্রস্তাবিত হেড কোয়াটারে হামলা চালিয়েছে।

জঙ্গিদের অস্ত্র ও বিস্ফোরকের উৎস কী—এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন,আমাদের দেশের সঙ্গে পার্শ্ববর্তী কয়েকটি দেশের সীমান্ত রয়েছে। সীমান্ত পথেও এসব আসতে পারে।

আইজিপি বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ জঙ্গিদের ব্যাপারে অনেক তথ্য পাচ্ছে। সে কারণে জঙ্গি নির্মূলে পুলিশ অনেকটাই সফল হয়েছে। যেসব শিক্ষার্থী নিখোঁজ রয়েছে, তাদের ব্যাপারে পুলিশ খোঁজখবর রাখছে। যে সব জঙ্গিরা দেশের বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য দেশের ইন্টারপোল কর্মকর্তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। সে কারণে কোনো জঙ্গি দেশ ত্যাগ করতে পারবে না।