র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, দেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি গোষ্ঠী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অস্তিত্ব আছে বলেও অপপ্রচার চালাচ্ছে। বাস্তবে দেশে আইএসের কাঠামোগত কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
খুলনা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে গতকাল সোমবার দুপুরে এক বৈঠক শেষে র্যাবের মহাপরিচালক এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। খুলনা সার্কিট হাউস মিলনায়তন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে বেনজীর বলেন, ‘এ দেশের অনেক সংগঠন আইএসের নাম ব্যবহার করছে। আইএসের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট দেওয়া হয়েছে, তা “মেইড ইন” যাত্রাবাড়ী ও টঙ্গী। অতীতে আইএসের পক্ষে প্রচারের জন্য লন্ডন ও ভারত থেকে আসা জঙ্গিদেরও আমরা গ্রেপ্তার করেছি। আইএসকে কেউ স্পনসর করছে কি না, সে বিষয়ে আমরা নজর রাখছি।’
র্যাবের মহাপরিচালক বলেন, ‘গত পাঁচ-ছয় সপ্তাহে দেশে বিদেশি নাগরিক, প্রকাশক, পুলিশ সদস্যসহ আটটি হত্যাকাণ্ড ঘটেছে। এতে বোঝা যায়, নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। নাগরিকদের সহায়তায় অতীতে আমরা জনমনে আতঙ্ক তৈরির অপচেষ্টা রুখে দিয়েছি। বর্তমানেও তা করব।’
ব্রিফিংয়ের আগে অনুষ্ঠিত বৈঠকে র্যাবের মহাপরিচালকের পাশাপাশি খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মনির উজ-জামান, জেলা প্রশাসক মোস্তফা কামাল, র্যাব-৬-এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর হুসাইন রইসুল আজম ও কোম্পানি কমান্ডার মাহফুজুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।