দেশে আইএসের সাংগঠনিক তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে আইএসের কোনো সাংগঠনিক তৎপরতা নেই বলে আবারও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমি খুব জোর গলায় বলব, আমাদের দেশে সাংগঠনিকভাবে আইএস ধরনের কোনো কিছুর অস্তিত্ব নেই। এখানে কিছু কিছু জঙ্গিরা জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম নামেসহ নানান নামে মাথাচাড়া দিয়ে উঠত। এখন আর সেই ধরনের সাংগঠনিক কায়দায় কিংবা সে ধরনের কেউ নেই।’
সচিবালয়ে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এগুলোর যদি গোড়া খুঁজতে যান, তা হলে দেখবেন তাদের উৎপত্তিটা জামায়াত-শিবির।’ তা হলে কি আইএস ও জামায়াত এক—এ প্রশ্নে তিনি বলেন, ‘আমি তো বললামই, তারা নানা নামে, নানাভাবে আসছে।’
কিন্তু আইএস সম্প্রতি তাদের নিজস্ব সাময়িকী দাবিক-এর সর্বশেষ সংখ্যার একটি নিবন্ধে জামায়াতে ইসলামীকে ‘মুরতাদ’ ঘোষণা করেছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। তা হলে কী করে আইএস ও জামায়াত এক হয়—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে কে কার সঙ্গে আছে, আমি ঠিক জানি না। আমি বলছি, গোড়াটা এক। গোড়াটা হলো জামায়াত-শিবির।’ জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া চলছে।
ফেসবুক কবে খুলে দেওয়া হবে—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনে, ফ্রান্সে প্রয়োজন হয়েছে বলে বন্ধ করে দিয়েছে। আমাদের এখন প্রয়োজন হয়েছে, আমরা সাময়িক বন্ধ করে দিয়েছি। যেকোনো মুহূর্তে এটা খুলে দেওয়া হবে।’
গতকাল পর্যন্ত প্রায় দুই লাখ প্রবাসীর হাতে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) পৌঁছানো সম্ভব হয়নি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যই সঠিক জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের কোনো সমস্যা হবে না। যে কেউ দেশে আসতেও পারবে, যেতেও পারবে। এমআরপি দেওয়ার জন্য আমাদের সক্ষমতা রয়েছে। চাহিদা আরও বাড়লেও জোগান দিতে পারব। যারা দেশের বাইরে বা দেশে রয়েছে, তারা আবেদন করলে এমআরপি দেওয়া হবে। প্রতিদিন আমরা ২০ হাজার পাসপোর্ট প্রিন্ট করতে পারি। আর এখন আমাদের প্রতিদিন ২০ হাজার ছাপাতে হয় না।’ তিনি বলেন, বিদেশে থাকা বাংলাদেশিরা সেই দেশে অবস্থিত দূতাবাসের মাধ্যমে দুই দিনের মধ্যে এমআরপি করতে পারবেন।