দেশে আইনের শাসন ও গণতন্ত্র গৃহবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিএনপির সমাবেশে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, সরকার দেশে আইনের শাসন ও গণতন্ত্রকে গৃহবন্দী করে রেখেছে। জনগণের বাকস্বাধীনতা নেই। সাধারণ নাগরিকের মৌলিক ও জীবনের নিরাপত্তা হুমকির মুখে। নাটোরে বিএনপি-সমর্থিত উপজেলা চেয়ারম্যান হত্যাকাণ্ড, সিরাজগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের ওপর চলন্ত ট্রেন উঠিয়ে দেওয়া ও সেনানিবাসের বাসভবন থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ-প্রক্রিয়ার প্রতিবাদে গতকাল শনিবার চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। কোতোয়ালি থানা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বক্তৃতা করেন। পরে খসরুর নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।সমাবেশে আমীর খসরুর অনুসারী ছাড়া অন্য পক্ষের কাউকে দেখা যায়নি। এর আগে গত বুধবার লালদীঘি মাঠসংলগ্ন জেলা পরিষদ চত্বরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন উপস্থিত ছিলেন। ওই কর্মসূচিতে খসরু ও তাঁর অনুসারীরা অনুপস্থিত ছিলেন। একইভাবে আমীর খসরুর ডাকা কোনো কর্মসূচিতে নোমান-নাছিরকে দেখা যায়নি। সমাবেশে আমীর খসরু বলেন, সরকারের অপশাসন জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। সরকার-সমর্থক সন্ত্রাসীরা আজ টেন্ডারবাজি, দখলবাজি ও চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। সীমাহীন দলীয়করণের কারণে আইনের শাসন ভেঙে পড়েছে। প্রয়াত জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বেগম জিয়াকে উচ্ছেদের ষড়যন্ত্র শুরু হয়েছে। এর পরিণতি কখনো ভালো হবে না। চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। এর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।