দেশে আইনের শাসন নয় পুলিশের শাসন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার অভিযোগ করেছেন, ‘দেশে আইনের শাসন নয়, পুলিশের শাসন চলছে। সরকার পুলিশকে দিয়ে যা ইচ্ছা তাই করাচ্ছে।’রাজধানীর মুক্তাঙ্গনে গতকাল বুধবার বিকেলে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সমাবেশে জামায়াতের দুই নেতা মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার গ্রেপ্তার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতা মির্জা আব্বাস, শমসের মবিন চৌধুরী, শহীদ উদ্দীন চৌধুরীসহ সারা দেশে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি এবং ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। খোন্দকার দেলোয়ার বলেন, ‘উচ্চতর আদালতে জামিন পাওয়ার পর মাত্র দুই ঘণ্টার মধ্যে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। এটা আইনের শাসন নয়, পুলিশি শাসন।’ চৌধুরী আলম সম্পর্কে সরকারের নীরবতা প্রসঙ্গে খোন্দকার দেলোয়ার বলেন, ‘একটা মানুষ কোথায় আছেন, তাঁকে গুম করা হয়েছে নাকি হত্যা করা হয়েছে, কোনো কিছুই আমরা জানতে পারছি না। এভাবে গুম করে রাজনীতিবিদদের হত্যা করা হলে সরকারকে একদিন জবাব দিতে হবে।’বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আমার দেশ পত্রিকার সম্পাদককে নতুন মামলায় জড়ানোর চেষ্টা চলছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি ও খাদ্য সংকটের কারণে মানুষ উদ্বিগ্ন। অথচ এদিকে সরকারের কোনো নজর নেই। যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ফজলুল হক প্রমুখ।