আগস্ট মাসে আরও দুই ব্যক্তি গুম হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। তাঁরা দুজনই বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতা।গতকাল শনিবার প্রকাশিত অধিকারের মাসিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে এই দুই ব্যক্তিকে ধরে নেওয়া হয়েছে বলে তাঁদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই দুজন হলেন ছাত্রদলের রাজধানীর পল্লবী থানা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং বরিশাল নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ খান।অধিকারের প্রতিবেদনে বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পরিচয় দিয়ে একদল লোক গত ১৩ আগস্ট পল্লবী এলাকা থেকে তরিকুলকে আর ২৪ আগস্ট চট্টগ্রামের মনসুরাবাদ থেকে ফিরোজ খানকে ধরে নিয়ে যায়। অধিকারের তথ্য অনুযায়ী, গত মাসে হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন যথাক্রমে পাঁচজন। এর মধ্যে পুলিশের হাতে চারজন ও র্যাবের হাতে একজন। তাঁদের মধ্যে পুলিশের নির্যাতনে নিহত হয়েছেন একজন। এর বাইরে আগস্ট মাসে দেশে গণপিটুনিতে নিহত হয়েছেন সাতজন।লিমনের ঘটনায় উদ্বেগ: র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমনের ওপর ঈদের দিন আবার হামলা এবং র্যাবের বিরুদ্ধে তার মায়ের করা মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অধিকার। সংগঠনটি অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে লিমনকে পঙ্গু করার সঙ্গে জড়িত র্যাব সদস্যদের বিচারের সম্মুখীন করা এবং লিমন ও তার পরিবারের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে। অধিকার মনে করে, এ পর্যন্ত যেসব তথ্য-প্রমাণ গণমাধ্যমে তুলে ধরা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে সব মন্তব্য ও ব্যাখ্যা হাজির করা হয়েছে, তাতে লিমনকে পঙ্গু করার জন্য র্যাবের সংশ্লিষ্ট সদস্যরাই দায়ী সেটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দুবৃত্তায়ন ঘটায় এবং সরকারের কাছ থেকে এসব বাহিনীর অপরাধী সদস্যরা ক্রমাগত দায়মুক্তি ভোগ করতে থাকায় অভিযুক্ত র্যাব সদস্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা যায়নি।