দেশে আগস্টে হামলার শিকার অন্তত ৬ সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত আগস্ট মাসে অন্তত ছয়জন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ছাড়া হেনস্থা ও হুমকির সম্মুখীন হয়েছেন আরও চারজন সংবাদকর্মী। আর মামলা হয়েছে অন্তত ২৯ জন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মিডিয়া মনিটরিং রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। বিএফইউজে মনিটরিং সেল দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে। বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকনের তত্ত্বাবধানে এ মনিটরিং সেল কাজ করছে।

গত মাসে মানহানির মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা মোট ৭টি মামলায় অভিযুক্ত ২৯ জনের মধ্যে রয়েছেন গণমাধ্যমের মালিক, সম্পাদকসহ প্রতিবেদক-প্রতিনিধিরা।

৯ আগস্ট ঝিনাইদহের কালিগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ তিনজনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা করেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার। মামলার অপর দুই আসামি প্রথম আলোর জেলা প্রতিনিধি আজাদ রহমান ও কালীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান। ৬ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত একটি খবরের জেরে এ মামলা হয়।

এ ছাড়া ১১ আগস্ট চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ আটজনকে আসামি করে দুটি মামলা করা হয়েছে। একটি টেলিফিল্ম ও একটি টক শো অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে নেতিবাচক শব্দের ব্যবহারের অভিযোগে এ মামলা করা হয়।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলো ঘটেছে ঢাকা, কুমিল্লা, নরসিংদী, টাঙ্গাইল ও চুয়াডাঙ্গায়। এর মধ্যে চুয়াডাঙ্গার সাংবাদিক সোহেল রানা ডালিম, কুমিল্লার বুড়িচংয়ে যুগান্তরের সাংবাদিক ইকবাল হোসেন সুমন এবং নরসিংদীর মনোহরদীতে চ্যানেল আই প্রতিনিধি সুমন রায় আক্রমণকারীদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত ও গুরুতর আহত হয়েছেন। কুমিল্লার ঘটনায় চারজন হামলাকারীকে গ্রেপ্তার করা হলেও অন্য ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

আগস্ট মাসে জুলাইয়ের চেয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার সংখ্যা কম ছিল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। জুলাইয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছিলেন ছয়জন সাংবাদিক। ডিজিটাল আইনে ১০ জনসহ বিভিন্ন মামলায় ওই মাসে আসামি করা হয়েছিল ১১ জন সাংবাদিককে। এ ছাড়া হামলা, হেনস্থা ও হুমকির সম্মুখীন হয়েছিলেন আরও সাতজন সংবাদকর্মী।