স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে আগাম নির্বাচনের কোনো সুযোগ নেই। আগামী ২০১৯ সালে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে রাজনৈতিক দলগুলোর উচিত নিজের ঘর গুছিয়ে নেওয়া।
ফরিদপুরে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় কবি জসীমউদ্দীন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ বলেন, স্বাধীনতার আগে ও পঁচাত্তরের পর একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়েছে, বিশ্বের অন্য কোনো রাজনৈতিক দলকে তা সহ্য করতে হয়নি। তারপরও আওয়ামী লীগ টিকে আছে তার নিবেদিতপ্রাণ কর্মিবাহিনী ও অকুতোভয় নেতানেত্রীর কারণে।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এস এম নূরুন্নবীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ।