দেশে আদিবাসীদের কোনো নিরাপত্তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেছেন, রাষ্ট্র পরিচালনাকারী রাজনৈতিক দলসহ প্রশাসনিক কর্মকর্তাদের অবহেলার কারণে স্বাধীন ও সার্বভৌম দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে আদিবাসী সম্প্রদায়ের লোকজনের কোনো নিরাপত্তা নেই।গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বরামবাড়ী আদিবাসী পল্লি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণের কাজ তদারক করতে এসে সঞ্জীব দ্রং এসব কথা বলেন।স্থানীয় একদল ভূমিদস্যু পরপর দুই দফায় ওই পল্লিতে হামলা চালিয়ে ১২৫টি বাড়ি গুঁড়িয়ে দেয়। সর্বশেষ হামলা চালানো হয় গত বছরের ২২ সেপ্টেম্বর। ওই হামলায় পল্লির নারী ও শিশুসহ ১৪ জন আহত হয়। তাদের মধ্যে বিশ্বনাথ হেমব্রমের হাত ও পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। বিষয়টি নিয়ে নিয়ামতপুর থানায় আদিবাসীদের পক্ষে মামলা হয়। কিন্তু ভূমিদস্যুরা এখনো ধরাছোঁয়ার বাইরে।স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে তাঁরা খোলা আকাশের নিচে বসবাস করছিলেন। এ অবস্থায় জাতীয় আদিবাসী পরিষদ ও জাতীয় আদিবাসী ফোরাম বরামবাড়ী আদিবাসী পল্লির ক্ষতিগ্রস্ত লোকদের ঘরবাড়ি পুনর্নির্মাণের কার্যক্রম হাতে নেয়।জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন জানান, প্রাথমিকভাবে ২৫টি পরিবারের মধ্যে ৮০ বান্ডিল টিন ও চাটাই দিয়ে ঘর করে দেওয়া হচ্ছে। তা ছাড়া পল্লি এলাকায় একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়সহ দুটি শৌচাগার ও একটি গোসলখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পল্লিবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে গ্রামে বসানো হয়েছে দুটি গভীর নলকূপ। জাতীয় আদিবাসী পরিষদের এ আয়োজনে আর্থিক সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন ও তাদের কয়েকটি সহযোগী সংস্থা।আদিবাসী পরিষদ নওগাঁ শাখার সাধারণ সম্পাদক সবিনচন্দ্র মুন্ডা জানান, বরামবাড়ী আদিবাসী পল্লিকে তাঁদের সম্প্রদায়ভুক্ত লোকজনের জন্য বাসযোগ্য করে তুলতে ২৫ লাখ টাকার প্রয়োজন। এর মধ্যে এখন পর্যন্ত বিভিন্ন সামাজিক সংস্থা থেকে পাওয়া গেছে পাঁচ লাখ ৫০ হাজার টাকা।