দেশে আর অ্যানথ্রাক্স সংক্রমণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন আর অ্যানথ্রাক্সের সংক্রমণ নেই বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান। গতকাল সোমবার রাজধানীর আইইডিসিআর মিলনায়তনে ইউনিসেফ ও আইইডিসিআর আয়োজিত অ্যানথ্রাক্স-বিষয়ক সেমিনারে তিনি এ তথ্য দেন। মাহমুদুর রহমান বলেন, গত তিন সপ্তাহে দেশের কোথাও মানুষ বা পশুর শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণের খবর পাওয়া যায়নি। তাই সামনে কোরবানির ঈদে অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, কোরবানির পশু জবাইয়ের সময় সেটি সুস্থ কি না, সেটি নিশ্চিত করে জবাই করলেই চলবে। মাহমুদুর রহমান বলেন, চামড়ার সংক্রমণ, শ্বাসপ্রশ্বাস ও খাওয়ার মাধ্যমে মানুষের মধ্যে অ্যানথ্রাক্স ছড়ায়। বাংলাদেশের ১২টি জেলায় এ পর্যন্ত ৬০৭ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। তাঁরা প্রত্যেকেই আক্রান্ত প্রাণী জবাই বা কাটাকাটির সঙ্গে যুক্ত ছিলেন। চামড়া সংক্রমণের মাধ্যমে তাঁরা সবাই আক্রান্ত হয়েছেন। অ্যানথ্রাক্স আক্রান্ত প্রাণীর মাংস খেয়ে কেউ আক্রান্ত হয়েছেন এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনুষ্ঠানে ইউনিসেফের উন্নয়ন বিশেষজ্ঞ প্যাট্রিসিয়া ডি সুজা এবং আইইডিসিআরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এম মুশতাক হোসেন উপস্থিত ছিলেন।