দেশে আরও ৫০টি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আরও ৫০টি বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে শাহানা-ফরিদ বালিকা উচ্চবিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।আলাউদ্দিন আহমেদ আরও বলেন, সরকার শিক্ষা খাতে আরও তিন হাজার কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। ২০১১ সালের মধ্যে শতভাগ শিক্ষার্থীকে বিদ্যালয়মুখী এবং ২০১৪ সালের মধ্যে দেশে শিক্ষার হার শতভাগে উন্নীত করার পরিকল্পনাও নিয়েছে সরকার।বিদ্যালয়ের মাঠে পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মো. জিয়াউল হক মৃধা, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. আনিসুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম প্রমুখ।