দেশে আড়াই বছরে ৩২৫ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে চলতি বছরের মে পর্যন্ত দেশে ৩২৫ জন মানুষ খুন হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরে ১৭১টি খুনের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ তথ্য জানান। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। লিখিত প্রশ্ন ও উত্তর টেবিলে উপস্থাপিত হয়।সাংসদ মমতাজ বেগমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারসংক্রান্ত কেন্দ্রীয় কমিটি ২০০৯ সাল থেকে চলতি বছরের ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত ২৮টি সভায় সাত হাজার ৩২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এর মধ্যে কতটি মামলা আদালত প্রত্যাহার করেছে, এ-সংক্রান্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে আদালতের মাধ্যমে মামলা প্রত্যাহার কার্যক্রম অব্যাহত রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত আট বছরে ছয় হাজার ৮৩৩টি মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন জেলা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে পাঁচ হাজার ৮৮৮টি মামলা সম্পূর্ণ প্রত্যাহার এবং ৯৪৫টি মামলা থেকে তিন হাজার ১০ জন আসামির নাম প্রত্যাহার করার সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া ওই আট বছরে নির্বাহী আদেশে দুই হাজার ৩০৩টি ফৌজদারি মামলা প্রত্যাহার করেছেন আদালত। তারানা হালিমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঞ্চল্যকর হিসেবে ৪০টি মামলা বর্তমানে তদারকি সেলের তালিকায় রয়েছে। এসব মামলা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির লক্ষ্যে তদারকি সেল নিয়মিত কাজ করছে।বদলে যাচ্ছে আনসার বাহিনীর নাম: ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, বিডিআরের পর এবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নাম পরিবর্তন হচ্ছে। প্রস্তাবিত নাম হচ্ছে ‘বাংলাদেশ জননিরাপত্তা বাহিনী’। সারাহ বেগম কবরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে মোট ৫৯ লাখ ৬১ হাজার ৭৯০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে সাধারণ আনসার ২ লাখ ৭৭ হাজার ৮৫২ জন, অঙ্গীভূত আনসার ৩৩ হাজার ২৯৯ জন, হিল আনসার ৬০০, ভিডিপি ৫৬ লাখ ৪২ হাজার ১৫২ এবং হিল ভিডিপি ৭ হাজার ৮৮৭ জন।সাড়ে চার কোটি দরিদ্র মানুষ: সাংসদ মোশতাক আহমেদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার জানান, দেশে দরিদ্র মানুষের সংখ্যা চার কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ৭৭২ জন, যা মোট জনসংখ্যার ৩১ দশমিক ৫ শতাংশ। আর অতিদরিদ্র মানুষের সংখ্যা দুই কোটি ৬০ লাখ ৬৫ হাজার ১৭১ জন। ২০১০ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপের প্রাথমিক তথ্য থেকে মন্ত্রী সংসদকে এ তথ্য দেন বলে জানান।সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার জানান, ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী, পার্বত্য জেলায় সাত লাখ চার হাজার ৮০৪ জন উপজাতি ও পাঁচ লাখ ৪২ হাজার ৮০৫ জন অ-উপজাতি বসবাস করে।