দেশে ইন্টারনেট গ্রাহক চার কোটি ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা চার কোটি ছাড়িয়ে গেছে। আর গত এক বছরেই দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় ৪৩ লাখ।
গত বছরের সেপ্টেম্বরে থ্রিজি-সেবা চালু হওয়ার পর এক বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির এই হারকে সন্তোষজনক মানতে রাজি নন টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা। তবে মোবাইল ফোন কোম্পানিগুলো প্রবৃদ্ধির এ হারে সন্তুষ্ট। তাদের তথ্যমতে, থ্রিজি আসার পর ব্যবহারকারীর সংখ্যা সেভাবে না বাড়লেও ইন্টারনেট ব্যবহারের পরিমাণ আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা চার কোটি আট লাখ ৩২ হাজার ৩৮৭ জন। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাই সবচেয়ে বেশি, তিন কোটি ৯৩ লাখ ২৮ হাজার ৬১৩ জন। ওয়াইম্যাক্সে ইন্টারনেট ব্যবহার করেন দুই লাখ ৭১ হাজার ৮৩১ জন। বাকিরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও পিএসটিএনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন।
এক বছর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল তিন কোটি ৬৫ লাখ ৩৩ হাজার ৫৭২ জন।
তথ্যপ্রযুক্তিবিশেষজ্ঞ মোস্তাফা জব্বার মনে করেন, থ্রিজি আসার পর যে গতিতে ব্যবহারকারীর সংখ্যা বাড়া উচিত ছিল সে অনুপাতে বাড়েনি। গ্রাহকসংখ্যার যে চিত্র বিটিআরসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
বিটিআরসি ও মোবাইল কোম্পানির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বিটিআরসির ওয়েবসাইটে দেওয়া তথ্যগুলো মোবাইল কোম্পানিগুলোর দেওয়া। গত তিন মাসে একবার ইন্টারনেট ব্যবহার করেছেন তেমন গ্রাহকদেরও ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মতে, সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রকৃতপক্ষে এর অর্ধেক হবে।
মোস্তাফা জব্বার মনে করেন, সক্রিয় গ্রাহকদের সংখ্যা দিয়েই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় নিয়ে আসা উচিত।
গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন গ্রাহক প্রবৃদ্ধিতে সন্তুষ্টি প্রকাশ করে প্রথম আলোকে বলেন, একসময় যাঁরা টুজি ইন্টারনেট ব্যবহার করেছেন তাঁদের বেশির ভাগই এখন থ্রিজি ব্যবহার করছেন। তাই গ্রাহকের প্রবৃদ্ধিটা সেভাবে বোঝা যাচ্ছে না। তবে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ কয়েক গুণ বেড়েছে।
এ বিষয়ে একমত প্রকাশ করলেন বাংলালিংকের গভর্নমেন্ট রিলেশনস ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের জ্যেষ্ঠ পরিচালক তাইমুর রহমান। তিনি মনে করেন, প্রবৃদ্ধি আরও ভালো হতে পারত। এ ক্ষেত্রে যথোপযুক্ত হ্যান্ডসেটের অপ্রতুলতা ও কনটেন্টের অপ্রতুলতার কথা তুলে ধরেন তিনি।
মোস্তাফা জব্বার বলেন, ‘থ্রিজি ব্যবহার হচ্ছে মূলত মুঠোফোনে। আর মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন প্রধানত তরুণেরা। কিন্তু তরুণদের আকৃষ্ট করার মতো কনটেন্ট এখানে নেই। অপারেটর ও সংশ্লিষ্টরা চরমভাবে ব্যর্থ হয়েছেন আকর্ষণীয় নতুন কনটেন্ট তৈরিতে। কনটেন্ট তৈরির ক্ষেত্রে সহায়ক নীতিমালাও নেই।’