দেশে ইবোলা আক্রান্ত রোগী নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে এ পর্যন্ত ইবোলা ভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। আজ রোববার সংসদে সরকারি দলের সদস্য সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছরের ১০ আগস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ইবোলা আক্রান্ত দেশ থেকে ২১৬ জন যাত্রীকে এ-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৮২ জন যাত্রীর ২১ দিন পর্যন্ত বিশেষ পর্যবেক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইবোলা ভাইরাস প্রতিরোধকল্পে দেশের প্রত্যেক আন্তর্জাতিক প্রবেশ বন্দরে (তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর, দুটি নৌবন্দর ও ২২টি স্থলবন্দর) মেডিকেল টিম গঠন করা হয়েছে। পিপিইসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করে পশ্চিম আফ্রিকার আক্রান্ত দেশগুলো থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং কার্যক্রম চালু করা হয়েছে এবং সুস্থ যাত্রীদের ২১ দিন পর্যন্ত বিশেষ পর্যবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মোহাম্মদ নাসিম বলেন, ইবোলা রোগ প্রতিরোধকল্পে এরই মধ্যে সাতটি থার্মাল স্ক্যানার কেনা হয়েছে। এর মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি, হজরত শাহ আমানত বিমানবন্দরে একটি, এম এ জি ওসমানী বিমানবন্দরে একটি ও বেনাপোল স্থলবন্দরে একটি থার্মাল স্ক্যানার স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া জরুরি অবস্থা মোকাবিলার জন্য একটি থার্মাল স্ক্যানার মজুত রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীসহ দেশে আন্তর্জাতিক প্রবেশ বন্দরের সংশ্লিষ্ট জেলায় মোট ১৯টি ‘ইবোলা আইসোলেশন ওয়ার্ড’ চালু করা হয়েছে।