দেশে এক বছরে ২৪ গুম ৭০ বিচারবহির্ভূত হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের চতুর্থ বছরে দেশে ২৪ জন ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ধারীদের দ্বারা গুম ও ৭০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার। সংস্থাটির বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবেদন উপস্থাপন করেন অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সি আর আবরার। গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধিকারের উপদেষ্টা ফরহাদ মজহার ও পরিচালক নাসিরউদ্দিন। প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে দিয়ে সশস্ত্র ব্যক্তিরা ২৪ জন ব্যক্তিকে ধরে নিয়ে গেছেন। এসব ব্যক্তির অনেককেই পরে খুঁজে পাওয়া যায়নি। কয়েকজনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে পরে। এর মধ্যে গত বছরের সর্বাধিক আলোচিত গুমের ঘটনাটি ঘটেছে ১৮ এপ্রিল। ওই দিন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী এবং তাঁর গাড়িচালক আনসার আলী গুম হন। এ ব্যাপারে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর দাবি করেন, সরকারের কোনো বাহিনীই তাঁর স্বামীকে ধরে নিয়ে গেছে।গত বছরের অপর আলোচিত গুমের ঘটনাটি ঘটে সাভারের আশুলিয়ায়। ওই বছরের ৪ এপ্রিল পোশাকশ্রমিক নেতা আমিনুল ইসলাম আশুলিয়া থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ধারীদের দ্বারা অপহূত হন। পরে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।প্রতিবেদনে আরও বলা হয়, ২০১২ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মোট ৭০ ব্যক্তি বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ৫৩ জন ক্রসফায়ারে, আটজন গুলিতে ও সাতজন নির্যাতনে নিহত হন। তাঁদের মধ্যে ৪০ জনকে হত্যা করেছে র্যা ব। একই বছর পুলিশ, র্যা ব, বিজিবি ও জেল কর্তৃপক্ষের হাতে নির্যাতনের শিকার হয়েছেন ৭২ জন। তাঁদের মধ্যে সাতজন নির্যাতনে মারা যান। প্রতিবেদনটিতে বিচারব্যবস্থা ও পুলিশের প্রতি অনাস্থার কারণে সাধারণ মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে। বছরটিতে গণপিটুনিতে মারা যান ১৩২ জন।ওই বছরে ধর্মীয় ও ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যালঘুদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। রামুতে সহিংসতার ঘটনা এত ব্যাপক ছিল যে, তা সংখ্যাতত্ত্ব দিয়ে বিচার করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়। আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে ১১৩ জন শ্রমিক নিহতসহ বছরজুড়েই ছিল শ্রমিক অসন্তোষের ঘটনা। সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের সুরাহা হয়নি।প্রতিবেদনটি বলছে, গত বছর জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং তথ্য কমিশন দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নারীর প্রতি সহিংসতা চরম আকার ধারণ করে। বছরটিতে ৮০৫ জন নারী ও মেয়েশিশু ধর্ষণের শিকার হয়। তাদের মধ্যে ১০১ জনই গণধর্ষণের শিকার। ১৩ জন নারী ও শিশু আইন প্রয়োগকারী সংস্থার লোকদের দ্বারা ধর্ষণের শিকার হয়। যৌন হয়রানিসহ অন্যান্য নির্যাতনের ঘটনাও ছিল অনেক।বিচার বিভাগকে তোয়াক্কা না করে খুন, ধর্ষণ, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার মতো অনেকগুলো মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা’ হিসেবে চিহ্নিত করে সেগুলো প্রত্যাহার করায় প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।