সারা দেশে গত জুলাই মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সময়ে গ্রেপ্তার হয়েছেন ৬ জন। এ ছাড়া হামলা, হেনস্তা ও হুমকির মুখে পড়তে হয়েছে ৭ জন সংবাদকর্মীকে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে কুষ্টিয়া, ঠাকুরগাঁও, বগুড়া, ফরিদপুর ও কুমিল্লায়। অন্যদিকে হামলার দুটি ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর ও ঢাকার আশুলিয়ায়। হামলা ও মামলার সব কটি ঘটনা ঘটেছে সরকারি কর্মকর্তা কিংবা ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে।
বিএফইউজের মনিটরিং সেল দেশের প্রধান প্রধান সংবাদপত্রসহ শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ, তথ্য ও পরিসংখ্যান থেকে এসব তথ্য সংগ্রহ করে। সংবাদমাধ্যমে প্রকাশিত না হওয়ার কারণে কিছু সাংবাদিক নির্যাতনের ঘটনা প্রতিবেদনে না থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।