বর্তমানে দেশে এক সেকেন্ডও লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৪ ঘণ্টায় এখন এক সেকেন্ডও লোডশেডিং হয় না।
জাতীয় পার্টির জিয়াউল হক মৃধার এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গত ৪২ বছরে বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রীদের সময়ে একটুও বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। সরকার গত মেয়াদে যখন ক্ষমতা গ্রহণ করে তখন মাত্র তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এখন এ উৎপাদন ১১ হাজার মেগাওয়াট। জাতীয় পার্টির এম এ হান্নানের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি রয়েছে। গ্যাসের এ ঘাটতির পরিমাণ প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহের স্বল্পতার জন্য নতুন এলাকায় গ্যাসলাইন নির্মাণ ও সম্প্রসারণ বন্ধ রয়েছে। তবে সম্প্রতি আবাসিক গ্যাস-সংযোগ আবার চালু করার বিষয়ে সরকারি সিদ্ধান্ত বলবৎ রয়েছে। এই সিদ্ধান্ত শুধু যেসব এলাকায় গ্যাসলাইন আছে, সেখানেই প্রযোজ্য। নতুন করে গ্যাস-সংযোগ বৃদ্ধি করার পরিকল্পনা নেই।
আরেক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বাসাবাড়িতে যে গ্যাসের চাপের স্বল্পতা আছে, তা দুই মাসের মধ্যে আর থাকবে না। আশুগঞ্জ ও এলেঙ্গায় দুটি কমপ্রেসার চালুর কাজ চলছে। এ দুটি চালু হলে গ্যাসের চাপের সমস্যা আর থাকবে না।
নতুন টিভি চ্যানেলের আবেদন বিবেচনার পরিকল্পনা নেই: শামসুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন টেলিভিশন চ্যানেলের আবেদন করলেও এই মুহূর্তে এসব আবেদন বিবেচনা করার কোনো পরিকল্পনা সরকারের নেই।
কাজী ফিরোজ রশীদ ও স্বপন ভট্টাচার্যের দুটি প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে এক হাজার ১৮৭টি তালিকাভুক্ত পত্রিকা রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনলাইন গণমাধ্যমের কোনো নীতিমালা নেই। তবে অনলাইন গণমাধ্যমের জন্য ‘অনলাইন গণমাধ্যমসহায়ক নীতিমালা’ নামে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। হাজি সেলিমের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) অনুষ্ঠানমালার চেয়ে বিজ্ঞাপন বেশি প্রচার হয়, এ কথা ঠিক নয়। বিটিভিতে অনুষ্ঠানমালার চেয়ে অনেক কম বিজ্ঞাপন প্রচারিত হয়। তা ছাড়া বিটিভি বাণিজ্যিক উদ্দেশ্যে অনুষ্ঠান প্রচার করে না।
আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, অতিসত্বর বাংলাদেশ বেতার সারা দেশে এফএম ব্র্যান্ডে সম্প্রচার শুরু করবে। যেকোনো মুঠোফোন থেকে তা শোনা যাবে। তাই আপাতত কমিউনিটি রেডিও দেওয়ার পরিকল্পনা নেই। এর আগে একই সাংসদের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে ১৪টি কমিউনিটি রেডিও চালু রয়েছে। কমিউনিটি রেডিও সার্ভিসের জন্য আলাদা এলাকা নির্ধারিত নেই।