দেশে এক সেকেন্ডও লোডশেডিং নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বর্তমানে দেশে এক সেকেন্ডও লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৪ ঘণ্টায় এখন এক সেকেন্ডও লোডশেডিং হয় না।
জাতীয় পার্টির জিয়াউল হক মৃধার এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গত ৪২ বছরে বিদ্যুত্ বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রীদের সময়ে একটুও বিদ্যুৎ উত্পাদন বাড়েনি। সরকার গত মেয়াদে যখন ক্ষমতা গ্রহণ করে তখন মাত্র তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন হতো। এখন এ উত্পাদন ১১ হাজার মেগাওয়াট। জাতীয় পার্টির এম এ হান্নানের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি রয়েছে। গ্যাসের এ ঘাটতির পরিমাণ প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহের স্বল্পতার জন্য নতুন এলাকায় গ্যাস লাইন নির্মাণ ও সম্প্রসারণ বন্ধ রয়েছে। তবে সম্প্রতি আবাসিক গ্যাস সংযোগ আবার চালু করার বিষয়ে সরকারি সিদ্ধান্ত বলবত্ রয়েছে। এই সিদ্ধান্ত শুধুমাত্র যেসব এলাকায় গ্যাস লাইন আছে, সেখানেই প্রযোজ্য। নতুন করে গ্যাস সংযোগ বৃদ্ধি করার পরিকল্পনা নেই। তিনি বলেন, গ্যাসের ক্রমবর্ধমান চাহিদার কারণে এই সরকারের গত মেয়াদে গ্যাসের নিট উত্পাদন দৈনিক ৫৮৮ মিলিয়ন ঘনফুট বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সরবরাহে ঘাটতি রয়েছে।
আরেক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বাসাবাড়িতে যে গ্যাসের চাপের স্বল্পতা আছে তা দুই মাসের মধ্যে আর থাকবে না। আশুগঞ্জ ও এলেঙ্গায় দুটি কমপ্রেশার চালুর কাজ চলছে। এ দুটি চালু হলে গ্যাসের চাপের সমস্যা আর থাকবে না।