দেশে এখন একজন মাত্র জঙ্গি, তিনি খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গ্রামগঞ্জের সব স্থানে জঙ্গি দমন করা হয়েছে। বাংলাদেশে উত্তরবঙ্গে জঙ্গি ছিল বাংলাভাই। এখন বাংলাভাই নেই। সারা দেশে এখন একজন মাত্র জঙ্গি। তিনি হলেন খালেদা জিয়া। তিনি রাতে অফিসে বসে জঙ্গিদের মদদ দিয়ে যাচ্ছেন। গতকাল শনিবার বেলা পৌনে তিনটায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হতো। সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করা যেত না। দেশে সামরিক শাসন আসত। গণতন্ত্রে নানা ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। কিন্তু গণতন্ত্র থাকলে দেশের উন্নয়ন হয়। দেশ এগিয়ে যায়।
খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন তিনি সংলাপের কথা বলছেন। কোনো সংলাপ নয়। ২০১৯ সালের আগে নির্বাচন করার কোনো সুযোগ নেই।
মন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজের ছাত্রদের জন্য একটি বাস, হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যন্ত্রপাতি কেনার জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাংসদ মীর মোস্তাক আহমেদ, এস এম জগলুল হায়দার, মুস্তফা লুৎফুল্লাহ ও রিফাত আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ আলীম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির প্রমুখ।