ইলিয়াস আলীর গুমের দুই বছর পূর্তিতে বিএনপির আলোচনা সভা
দেশে এখন কে নিরাপদ প্রশ্ন মির্জা ফখরুলের
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখে বলেন, একের পর এক গুম হচ্ছে। রিজওয়ানা হাসানের স্বামী, বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে যদি তুলে নেওয়া যায়, তাহলে এ দেশে এখন কে নিরাপদ? তিনি বলেন, ‘জাতিসংঘের মতে গুম অন্যতম ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ। এ সরকারকে আমি এই অপরাধে দোষী সাব্যস্ত করছি।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর ‘গুমের’ দুই বছর পূর্তিতে ‘ইলিয়াস আলীকে ফিরিয়ে দাও’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করা হয়।
এর আগে দুপুরে রাজধানীর বনানীতে ইলিয়াস আলীর বাড়িতে যান মির্জা ফখরুল। তিনি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর সঙ্গে কথা বলেন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে তিনি ইলিয়াস আলীর পরিবারকে সমবেদনা জানান।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বাসায় ফেরার পথে বনানীতে গাড়ি থামিয়ে ইলিয়াস আলী ও তাঁর গাড়ির চালককে ধরে নিয়ে যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা। এর পর থেকে তিনি ও গাড়িচালক নিখোঁজ রয়েছেন।
গতকালের আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত তিন মাসে রাজধানী থেকে ২২ জন এবং এর বাইরে সারা দেশে ৬১ জন বিএনপির নেতা-কর্মী গুম করা হয়েছে। দেশ সবচেয়ে কঠিন সময় পার করছে। কারও জীবনের নিরাপত্তা নেই। তিনি বলেন, পুলিশের অপরাধ দেখার সময় নেই। তারা বিরোধী দল ঠেকাতে ব্যস্ত। পুলিশের মধ্যে উৎসব চলছে, কোনো নিয়ন্ত্রণ নেই। তারা মানুষ ধরছে, আবার টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। সারা দেশে গ্রেপ্তার-বাণিজ্য চলছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘গুম, খুন, নির্যাতন করে ক্ষমতা স্থায়ী করা যায় না। দ্রুত নির্বাচন দিন। না হয় একনায়কদের পরিণতি ভোগ করতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।