দেশে এখনো চড়া এলপি গ্যাসের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
এলপি গ্যাস
এলপি গ্যাস
আন্তর্জাতিক বাজার অনুযায়ী সর্বোচ্চ হতে পারে ৭০০ টাকা
দেশের বাজারে সর্বনিম্ন দাম ৯০০ টাকা
বছরে গ্রাহকের পকেট থেকে বাড়তি যাচ্ছে ন্যূনতম ৪৮০ কোটি টাকা

এলপি গ্যাসের মূল উপাদান—প্রোপেন ও বিউটেনের দাম আন্তর্জাতিক বাজারে দুই বছর ধরে কমছে। ১ হাজার ডলার থেকে কমে এখন হয়েছে ৪০০ ডলার। কিন্তু সেই তুলনায় দেশে এলপি গ্যাস সিলিন্ডারের দাম কমেনি। সরকারি ও বেসরকারি খাতের কর্মকর্তারা বলেন, ২০১৪ সালে এলপি গ্যাসের সিলিন্ডারের (১২ কেজি) দাম ছিল ১ হাজার ৩০০ টাকা, আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী এখন তা হওয়া উচিত সর্বোচ্চ ৭০০ টাকা। কিন্তু এখনো সর্বনিম্ন ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এলাকাভেদে এই দাম ১ হাজার ৫০ টাকা পর্যন্ত আছে।
সরকারি-বেসরকারি এলপি গ্যাস কোম্পানিগুলোর হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রতি মাসে অন্তত ২০ লাখ। সে হিসাবে প্রতি সিলিন্ডারে গ্রাহক ২০০ টাকা করে বেশি দিলে প্রতি মাসে গ্রাহকের পকেট থেকে বেশি বেরিয়ে যাচ্ছে ৪০ কোটি টাকা, বছরে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৮০ কোটি টাকা।
প্রথম আলোর পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই দামের বিষয়ে তাঁরা তেমন একটা জানেন না। বরং গত দুই বছরে সিলিন্ডারপ্রতি দাম ৪০০-৫০০ টাকা কমায় এবং তা সহজলভ্য হওয়ায় তাঁরা খুশি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেছেন, গ্যাসের খুচরা দাম নিয়ে একটি কমিটি কাজ করছে। কমিটির প্রতিবেদন পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে।
কয়েকটি এলপি গ্যাস কোম্পানির কয়েকজন কর্মকর্তা বলেন, প্রতিবছর দেশে এলপি গ্যাসের চাহিদা ও গ্রাহক বাড়ছে। ফলে গত তিন বছরে দেশের বাজারে সরবরাহ বেড়েছে চার গুণের বেশি। ২০১৩ সালে দেশের বাজারে এলপি গ্যাসের সরবরাহ ছিল প্রতি মাসে গড়ে ৮ হাজার টন। এ বছর তা প্রায় ৩৬ হাজার টনে উঠেছে বলে দেশের কোম্পানিগুলোর সূত্রে জানা গেছে।
বর্তমানে দেশি-বিদেশি প্রায় ১১টি কোম্পানি এলপি গ্যাস বাজারজাত করার কাজে নিয়োজিত আছে। আরও চার-পাঁচটি নতুন কোম্পানি শিগগিরই এ খাতে কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে। কোম্পানিগুলোর কর্মকর্তাদের ধারণা, এক বছর পর দেশের বাজারে এলপি গ্যাসের সরবরাহ ও চাহিদা প্রতি মাসে ৫০ হাজার টন ছাড়িয়ে যাবে।
বেসরকারি এলপি গ্যাস কোম্পানির কয়েকজন কর্মকর্তা জানান, বাংলাদেশে এলপি গ্যাসের উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি হয় সৌদি অ্যারামকো নামের একটি কোম্পানি থেকে। ওই কোম্পানি প্রতি মাসের ১ তারিখে সেই মাসের জন্য এই দুটি উপাদানের দাম প্রকাশ করে। সেই মাসে ওই দামই নির্ধারিত থাকে। বাংলাদেশের কোম্পানিগুলো প্রতি মাসে সাধারণত দুবার আমদানি করে।
ওই কর্মকর্তারা বলেন, ২০১৪ সালের জানুয়ারিতে সৌদি অ্যারামকোর প্রতি টন প্রোপেন ও বিউটেনের দাম ছিল যথাক্রমে ১ হাজার ১০ ও ১ হাজার ২০ মার্কিন ডলার। তারপরের মাস থেকেই এই দাম ক্রমাগত কমতে থাকে। ওই বছরের নভেম্বরে এই দাম কমে হয় যথাক্রমে ৬১০ ও ৬২০ ডলার। তখন দেশের বাজারে এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডার বিক্রি হতো ১ হাজার ৩০০ টাকার মধ্যে।
এর এক বছর পর, ২০১৫ সালের নভেম্বরে সৌদি অ্যারামকোর প্রতি টন প্রোপেন ও বিউটেনের দাম কমে হয় যথাক্রমে ৩৯৫ ও ৪৩৫ ডলার। চলতি বছরের ডিসেম্বরে তা হয়েছে ৩৮০ ও ৪২০ ডলার। কিন্তু এখনো দেশের বাজারে ৯০০ টাকার কমে ১২ কেজির সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকেরা। তবে এলপি গ্যাস বাজারজাতকারী কোম্পানিগুলোর কর্মকর্তাদের দাবি, প্রোপেন ও বিউটেনের দাম প্রতি মাসে নির্ধারিত হওয়ায় দেশের বাজারে স্থায়ী খুচরা মূল্য নির্ধারণ করা কঠিন।
তারপরও দেশের বাজারে যে দাম অনেকটাই বেশি, সে বিষয়ে তাঁদের অনেকেই একমত। গত জুলাই মাসে এনার্জি রেগুলেটরি কমিশন আয়োজিত গ্যাসের দাম নির্ধারণ-সংক্রান্ত গণশুনানিতে অংশ নিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদও বলেছেন, ৪০০ থেকে ৪৫০ টাকার মধ্যে গ্রাহককে এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডার দেওয়া সম্ভব।
গ্রাহকেরা জানেন না: এলপি গ্যাসের গ্রাহক ঝালকাঠির একজন ব্যাংক কর্মকর্তা শামসুল আলম বলেন, বছর খানেক ধরে সিলিন্ডার গ্যাস ৯০০ থেকে ১ হাজার ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, আগে সেটা দেড় হাজার টাকায়ও কিনতে হয়েছে। তিনি খুশি। তবে আন্তর্জাতিক বাজারের দাম হিসাবে আরও কম দামে এলপি গ্যাস পাওয়ার কথা, তা তিনি জানেন না।
বরগুনার নাম প্রকাশে অনিচ্ছুক একজন জুয়েলারি ব্যবসায়ী বলেন, তাঁরা এখন ১ হাজার টাকার মধ্যেই ১২ কেজির সিলিন্ডার পাচ্ছেন। তবে আন্তর্জাতিক বাজারদরের খবর তাঁরা জানেন না।
জয়পুরহাটের একজন কলেজশিক্ষক মো. বদিউজ্জামান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম যে কমই আছে, তা বিভিন্ন গণমাধ্যমের খবরে শুনে থাকেন। কিন্তু তার সঙ্গে এলপি গ্যাসের সম্পর্ক কতটা, সেটি বলতে পারেন না।
গ্রাহকদের এই অনভিজ্ঞতার সুযোগে দেশে এলপি গ্যাসের দাম যথেষ্ট পরিমাণে না কমিয়ে পারছেন ব্যবসায়ীরা। তবে নসরুল হামিদ আশ্বাস দিয়েছেন, দামসংশ্লিষ্ট কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।